বিএসএফের হাতে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী আটক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৬
নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকা থেকে রবিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে। আটক গরু ব্যবসায়ীদের একজন পোরশা উপজেলার বিষ্ণপুর গ্রামের আফসার আলীর ছেলে কাওছার আহমেদ (২৫) এবং অপরজন রাঙ্গাপুকুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন (২৭)। তাদের স্বজনরা জানান, কামাল ও কাওছার রবিবার সন্ধ্যায় গোপনে ভারত সীমান্তের অভ্যন্তরে ঢুকে গরু নিয়ে আসার পথে সীমান্তের ২৩২ নম্বর খুঁটি পার হওয়ার সময় রাত ১১টার দিকে বিএসএফের টিক্কাপাড়া ক্যাম্প সদস্যরা তাদেরকে আটক করে। নওগাঁর ৪৬ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের হাপানিয়া ক্যাম্প কমান্ডার হাবিলদার কামরুজ্জামান জানান, আটক দুই গরু ব্যবসায়ীকে ফেরত চেয়ে বিএসএফের টিক্কাপাড়া ক্যাম্পে চিঠি দেয়া হয়েছে।
জীবননগর সীমান্তে আটক বাংলাদেশিকে
ফেরত দেয়নি বিএসএফ
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, শনিবার উপজেলার হরিহরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক বাংলাদেশি গরু ব্যবসায়ী মুকুলকে (৩২) এখনও ফেরত দেয়নি বিএসএফ। সীমান্তের একটি সূত্র জানায়, আটক মুকুলকে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর আদালতে সোপর্দ করা হয়েছে। বিএসএফ সোমবার মুকুলকে কৃষ্ণনগর থানা পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে আদালতে সোপর্দ করে। মুকুলের আটকের ব্যাপারে রবিবার সন্ধ্যায় বেনীপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুকুলকে ফেরত দিতে অপারগতা প্রকাশ করে বিএসএফ।
ফুলবাড়ী সীমান্তে ৫০টি গরু ধরে
নিয়ে গেছে বিএসএফ
কুড়িগ্রাম প্রতিনিধি ও ফুলবাড়ী সংবাদদাতা জানান, সোমবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তের ৯৩৪ নং আন্তর্জাতিক পিলার এলাকায় ভারতের বসকোটাল ক্যাম্পের বিএসএফ রাবার বুলেট ছুঁড়ে ও হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে বাংলাদেশি গরু ব্যবসায়ীর ৫০টি গরু নিয়ে গেছে।