সুন্দরগঞ্জে মডের কুড়ায় ৪১ বছরেও নির্মিত হয়নি ব্রিজ
রশিদুল আলম চাঁদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২১
উপজেলার মডের কুড়ায় স্বাধীনতার দীর্ঘ ৪১ বছরেও ব্রিজ নির্মাণ না হওয়ায় দু’ প্রান্তের শত শত মানুষকে পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, উপজেলার মডের কুড়া নামক স্থানে প্রায় ২’শ গজ প্রস্থের গভীর খালটি কাশদহ, কে কৈ কাশদহসহ পশ্চিমের নলডাঙ্গা রেলস্টেশনে যাতায়াতের পূর্ব অঞ্চলের একমাত্র চলাচলের রাস্তা। খালটির কারণে ওই সকল এলাকার যাতায়াতকারী মানুষকে বর্তমানে প্রায় ৫ কিলোমিটার রাস্তা ঘুরে নলডাঙ্গাসহ পশ্চিমাঞ্চলে যাতায়াত করতে হচ্ছে। এদিকে এলাকাবাসীর প্রেক্ষিতে স্বাধীনতার দীর্ঘ ৪১ বছর পর স্থানীয় সংসদ সদস্য ডা. কর্ণেল (অব.) আব্দুল কাদের খান নিজ অর্থায়নে খালটির উপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নিলেও মাঝপথে তা থেমে যায়। এব্যাপারে সংসদ সদস্য জানান, দ্রুত ব্রিজটির কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। বর্ষার আগেই ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হবে এমন প্রত্যাশার প্রহর গুণছেন ভুক্তভোগীরা। উল্লেখ্য, ইতিপূর্বে খালটির উপর সরকারিভাবে ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হলেও পরবর্তীতে তা স্থগিত হয়ে যায়।