আশুলিয়ায় ফের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

এবার আশুলিয়ার কবিরপুরে মানামী ফ্যাশন নামের আরেকটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে কারখানাটির চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের সূচনা হয়। দমকল বাহিনীর সাতটি ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারখানাটির ভেতরে শ্রমিক না থাকায় কেউ হতাহত হয়নি। তবে আগুন নেভাতে গিয়ে দমকাল বাহিনীর পাঁচ সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। দমকল বাহিনী, কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মানামী ফ্যাশনে শ্রমিকরা রাতের পালার কাজ করেন। রাত ২টার দিকে তারা কর্মস্থল ত্যাগ করেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে হঠাত্ নিরাপত্তাকর্মীরা কারখানার চতুর্থ চলায় আগুনের শিখা দেখতে পান। দ্রুত লেলিহান পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর সাতটি ইউনিট এসে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে গতকাল সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পুড়ে যায় বিভিন্ন কাপড়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক তাহসিন খান জানান, আগুন লাগার ঘটনাটি রহস্যজনক।