কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৮ ফেব্রুয়ারি

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন আগামী ২৮ ফেব্রুয়ারি। দীর্ঘ প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নতুন নেতৃত্ব নির্বাচনের এ সম্মেলন। ফলে জেলাব্যাপী আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে দারুণ প্রাণচাঞ্চল্য। জানা যায়, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৩ সালে। ওই সম্মেলনে সাবেক পৌর চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা একে মোজাম্মেল হক সভাপতি এবং সালাহউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু এর প্রায় দেড় বছর পরই মারা যান সভাপতি মোজাম্মেল হক। এরপর দলের ভারপ্রাপ্ত সভাপতি হন উখিয়া-টেকনাফের সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী। পরবর্তীতে আবদুর রহমান বদির দলীয় মনোনয়নের বিরোধিতা করার কারণে তার পরিবর্তে অ্যাডভোকেট একে আহমদ হেসেনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। দলীয় সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে উপজেলা ও পৌরসভা পর্যায়ের সকল ইউনিটের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। আসছে কাউন্সিলে সভাপতি পদে সাবেক আহ্বায়ক মোস্তাক আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট একে আহমদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, জেলা আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম এবং সাবেক পৌর চেয়ারম্যান নূরুল আবছারের নাম প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে।