গোবিন্দগঞ্জে ছেলেধরা আতংক
স্কুলে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কমে গেছে
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সর্বত্র ছেলেধরা আতংক বিরাজ করায় বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীর উপস্থিতি আশংকাজনকভাবে কমে গেছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের সাথে নিয়ে এসে শিক্ষা প্রতিষ্ঠানের গেটে বসে থেকে ছুটির পর আবার সংগে করে বাড়ি নিয়ে যাচ্ছে। একাধিক সূত্রে জানা গেছে গত ৩ ফেব্রুয়ারি সকালে একটি ছেলেধরা চক্র হিরক সিনেমা এলাকা থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ জন ছাত্রকে অপহরণ করে মাইক্রোযোগে রংপুর অভিমুখে যাওয়ার পথে অবস্থার বেগতিক দেখে পলাশবাড়ী এলাকায় অপহূতদের ছেড়ে দিয়ে যায়। এছাড়াও সাপমারা, দরবস্ত ও তালুককানুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গত কয়েকদিনে ৩ শিশুকে অপহরণের পর ছেড়ে দেয়ার ঘটনা ঘটে। এসব ঘটনা ছড়িয়ে পড়লে এলাকার বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা আতংকগ্রস্ত হয়ে পড়ে। এসব ঘটনার প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ থানার ইনচার্জ শেখ দেলোয়ার হোসেন বলেন, অপহরণের ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি এবং আমার জানা মতে অপহরণের কোন ঘটনা নেই। আসলে এসব ঘটনা সবই গুজব।