নোয়াখালীতে সদর ও শহর আওয়ামী লীগের সম্মেলন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
দীর্ঘ ১১ বছর পর নোয়াখালীর সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনের মাধ্যমে এই দুই শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের এবং নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও সাধারণ সম্পাদক সহিদ উল্যা খান সোহেল নির্বাচিত হয়েছেন। জাকিউল ইসলাম দুলালের সভাপতিত্বে উপজেলা ও আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে শহর শাখার এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি। স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী প্রধান বক্তা এবং অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সহ-সভাপতি গোলাম মহিউদ্দিন লাতু, যুগ্ম সম্পাদক আবু তাহের, আবদুল মমিন বিএসসি প্রমুখ বক্তব্য রাখেন।