বিষয়ভিত্তিক টিভি চ্যানেলও বিবেচনা করা হবে :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিষয়ভিত্তিক টেলিভিশন চ্যানেল স্থাপন করার বিষয়ে বিবেচনা করা হবে। ক্রীড়া বিষয়ক আন্তর্জাতিক টিভি “টেন স্পোর্টস”-এর একটি প্রতিনিধিদল সচিবালয়ে তার অফিসকক্ষে গতকাল সাক্ষাত্ করতে গেলে তথ্যমন্ত্রী তাদের এ কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আদর্শ জায়গা। যে কোন বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে লাভবান হতে পারে। “টেন স্পোর্টস”-এর আগ্রহকে গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। তথ্যমন্ত্রী বিষয়ভিত্তিক টেলিভিশন চ্যানেল স্থাপন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষি, শিক্ষা, বিনোদন এবং ক্রীড়া বিষয়ে পৃথক পৃথক চ্যানেল থাকলে দর্শকরা চাহিদা অনুযায়ী চ্যানেল বেছে নিতে পারবেন। তিনি বাংলাদেশে ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) পদ্ধতি চালু করা হবে বলে জানান। এর ফলে দর্শকরা তাদের পছন্দমতো চ্যানেল বেছে নিতে পারবেন। সাক্ষাত্কালে প্রতিনিধিদল তথ্যমন্ত্রীকে জানান যে, “টেন স্পোর্টস” বাংলাদেশে ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ করতে চায়। তারা এখানে একটি ক্রীড়া বিষয়ক টেলিভিশন চ্যানেল চালু করতে আগ্রহী। তারা জানান যে, ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের ফলে বাংলাদেশও লাভবান হবে। প্রতিনিধিদলে “টেন স্পোর্টস”-এর পক্ষে ‘তাজ টেলিভিশন (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল পাণ্ডে এবং পরিচালনা বোর্ডের সদস্য জাহিদ নুরানি উপস্থিত ছিলেন।