আপিল নিষ্পত্তি না হলে বলা যাবে না এই রায় চূড়ান্ত :আইনমন্ত্রী
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তথ্য-উপাত্তের ভিত্তিতে কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। কাজেই রায়ের ব্যাপারে কোন কিছু বলা বা মন্তব্য করা উচিত হবে না। আমাদের বিশ্বাস ট্রাইব্যুনাল বিচারকাজ পরিচালনায় সঠিক ভূমিকা পালন করছে। তিনি বলেন, আইনানুযায়ী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে। আপিলের রায় না হওয়া পর্যন্ত বলা যাবে না যে ট্রাইব্যুনালের এ রায়ই চূড়ান্ত। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় গতকাল মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
আইন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি বলেন, রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। জনগণ অন্য রায় আশা করেছিল। কিন্তু তা হয়নি। এ রায়ে জনগণ হতাশ। তিনি বলেন, রায়ে আমরা জানতে পেরেছি আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ৬টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল কেন এ রায় দিল তা পূর্ণাঙ্গ রায়ের পর বুঝা যাবে।