ত্রিশ খণ্ডে রবীন্দ্র রচনাবলীর সুলভ সংস্করণ আনছি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৭
পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঐতিহ্য’ অমর একুশে গ্রন্থমেলায় গত ১২ বছর ধরে অংশ নিচ্ছে। খুব অল্প সময়ে এ প্রতিষ্ঠান উন্নতমানের বই, ঝকঝকে ছাপা ও সুন্দর ডিজাইন নিয়ে পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আরিফুর রহমান নাইম বলেন, দেশে ধীরে ধীরে মননশীল ও কোষ গ্রন্থের পাঠক সৃষ্টি হচ্ছে। পাঠকের রুচির পরিবর্তন যেমন ঘটছে তেমনি একটি প্রকৃত পাঠকগোষ্ঠী গড়ে উঠছে। যারা শুধু গল্প-উপন্যাসে সীমাবদ্ধ থাকছেন না। নানা বিষয় সম্পর্কে জানতে চান। এটা বইয়ের প্রকাশনা ও বাজারকে প্রসারিত করছে।
তিনি জানান, রবীন্দ্র-রচনাবলীর প্রথম বাংলাদেশ সংস্করণ ঐতিহ্য প্রকাশনী বের করেছিল ২০০৪ সালে। তখন পাঠকমহল থেকে অপ্রত্যাশিত সাড়া পেয়েছিলাম। এবছর নতুন কলেবর এবং টেকসই বাঁধাইয়ে অধিক সংরক্ষণ উপযোগী হয়ে ৩০ খণ্ডের রবীন্দ্র-রচনাবলী পাঠকের হাতে তুলে দিচ্ছি আমরা। রবীন্দ্র-রচনাবলী সম্পাদনার দায়িত্ব পালন করছেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক সৈয়দ আকরম হোসেন। এ রচনাবলী নিয়ে বিশেষ আয়োজন রয়েছে আমাদের। যারা আগে বুকিং দেবেন তারা কম দামে বই পাবেন। ৩০ খণ্ডের দাম পড়বে প্রায় ২৪ হাজার টাকা। কিন্তু প্রথম এক হাজার জন বুকিং দিলে অর্ধেক দামে পাবেন এই রচনাবলী। ফেব্রুয়ারি মাসের মধ্যে বইমেলার স্টলে গিয়ে বা আমাদের অফিসে এসে পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং দিতে হবে। অবশিষ্ট টাকা এ বছরের অক্টোবরের মধ্যে পরিশোধ করতে হবে।
এবছর বইমেলায় ঐতিহ্য প্রায় শতাধিক বই প্রকাশ করছে। এর মধ্যে তরুণদের বইও রয়েছে। তিনি বলেন, একজন প্রবীণ লেখকের বই যতটা বিক্রি হয় সে তুলনায় তরুণ লেখকের বই কম বিক্রি হয় না। সে কারণে আমরা নামের প্রতি না তাকিয়ে তরুণ লেখক ও বিষয়কে প্রাধান্য দিয়ে বই প্রকাশ করি। কারণ ইদানিং গল্প, উপন্যাস, কবিতার বাইরেও একটি পাঠকশ্রেণী গড়ে উঠছে যারা নানা বিষয়ের বইয়ের খোঁজ করেন। সে কারণে ঐতিহ্যতে আমরা সব ধরনের বইয়ের সংগ্রহ রাখি। জনপ্রিয় ধারার উপন্যাস, অনুবাদ গ্রন্থ, মননশীল ধারার বই। যাতে একজন পাঠক এসে ঐতিহ্য’র স্টলে এসে সবধরনের বইয়ের সংগ্রহ দেখতে পান।