প্রবীণ বাম নেতা আবদুল্লাহ সরকার আর নেই

দেশের প্রথম জাতীয় সংসদের সদস্য, প্রবীণ বাম নেতা ও মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সরকার আর নেই। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর শাহজাদপুরের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক শোকবাণীতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলামও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার শোকবার্তায় বলেন, তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। মরহুম আবদুল্লাহ সরকারের নামাজে জানাজা গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। ডেপুটি স্পিকার শওকত আলী, হুইপ আ.স.ম. ফিরোজ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ ও সংসদ সচিবালয়ের সচিব জানাজায় শরিক হন। জানাজা শেষে মরহুমের কফিনে স্পিকার আবদুল হামিদের পক্ষে ডেপুটি স্পিকার শওকত আলী এবং চিফ হুইপ আবদুস শহীদের পক্ষে হুইপ আ.স.ম ফিরোজ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।