অস্ত্র নিয়ন্ত্রণে এখনই কিছু করতে হবে :ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অস্ত্র নিয়ন্ত্রণে এখনই কিছু করার সময়। দেশের নিরাপদ মানুষ বিশেষ করে শিশুদের রক্ষায় আমাদের ভয়াবহ সব অস্ত্রের নিয়ন্ত্রণ করতে হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার। বারাক ওবামা বলেন, আমরা সব কিছুতে একমত পোষণ করতে পারি না। তবে এক্ষেত্রে আমাদের একমত হয়ে কিছু একটা করতে হবে। সোমবার ওয়াশিংটনে এক জনসভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা কিছু ক্ষেত্রে প্রশাসনের মাধ্যমে পদক্ষেপ নিই। কিন্তু যখন কোনো কিছু পরিবর্তনের দরকার হয়ে পড়ে তবে সেটি অবশ্যই করতে হবে এবং দ্রুতই করা উচিত। এজন্য অপেক্ষা করা উচিত নয়। কয়েক সপ্তাহ আগে ওবামা বলেছিলেন, অস্ত্র নিয়ন্ত্রণে প্রয়োজনে তিনি তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন। তবে দেশটির অস্ত্রনিয়ন্ত্রণ আইনের বিরোধীরা প্রতিবাদ করে আসছেন। আইনটি কার্যকরে সিনেটে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দল এবং বিরোধী রিপাবলিকানরা কাজ করছে। অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণীত হলে সহজে কেউ অস্ত্র কিনতে পারবে না।