আশুগঞ্জে কলেজছাত্র হত্যার প্রধান আসামি জাতীয় পার্টির নেতা, গ্রেফতার ১

আশুগঞ্জ ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সম্মান প্রথম বর্ষের ছাত্র উপজেলার আড়াইসিধা গ্রামের প্রবাসী মো. সোহরাব মিয়ার নিহত ছেলে সাইফুল আলমকে গত সোমবার দিবাগত রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সাইফুলের চাচা আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম গত সোমবার রাতে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. জহিরুল হক মাস্টারকে প্রধান আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ মো. মোবারক নামের একজনকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, ‘দ্রুততম সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে।’ উল্লেখ্য, গত রবিবার বিকালে কলেজ থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় নতুন চকবাজার এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করলে লোকজন জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক সাইফুলকে মৃত ঘোষণা করেন।