প্রিন্স-প্রিন্সেসের ভাগ্য নির্ধারণে অধিকতর শুনানি ১০ ফেব্রুয়ারি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৩
বিরল প্রজাতির ব্লু গোল্ড ম্যাকাও পাখি প্রিন্স ও প্রিন্সেসের ভাগ্য নির্ধারণে অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন ১০ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ দিন ধার্য করেন। একই সঙ্গে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবুকে উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেয়া হয়েছে। প্রিন্স এর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এ তারিখ নির্ধারণ করা হয়।
আদালত বলেন, উভয়ের মালিকানাই যখন স্বীকৃত তখন উভয়েই একত্রে বসে বিষয়টির সমাধান করতে পারেন। পাখি দুটির লালন পালনে যেহেতু অনেক টাকা ব্যয় হয় সেহেতু উভয়েই এই খরচ ও যদি কোন লাভ হয় তাও ভাগ করে নিতে পারেন।
শুনানিতে প্রিন্সেসের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও বরুন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। অপরদিকে প্রিন্সের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল ও আব্দুল্লাহ মনসুর রিপন।
শুনানিতে সৈয়দ রেজাউর রহমান বলেন, গত ১ জানুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্সকে উদ্ধার করতে ফৌজদারী কার্যবিধির ১০০ ধারায় যে আদেশ দেন তা আইনত সিদ্ধ নয়। কারণ ওই ধারা শুধুমাত্র ব্যক্তিবিশেষের ক্ষেত্রে প্রযোজ্য।
এ সময় পাখি প্রেমী প্রিন্সেস এর মালিক ড. আবদুল ওয়াদুদ ও প্রিন্স ম্যাকাও এর মালিক ইকরাম সেলিম আদালতে উপস্থিত ছিলেন।