আবারো হরতালে বিজিএমইএ ও বিকেএমইএ’র উদ্বেগ প্রকাশ

গতকালের হরতালের পর আজ (বুধবার) আবারো হরতালের ঘোষণা দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক উত্পাদকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়, এভাবে চলতে থাকলে অর্থনীতিরই ক্ষতি হবে সবচেয়ে বেশি, যা কাটিয়ে উঠা কোনভাবেই সম্ভব নয়। সংগঠন দুটি মনে করে, যখন বাংলাদেশ একটি স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখছে তখন এমন কোন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা সঙ্গত হবে না যা শিল্প ও বানিজ্যকে ক্ষতিগ্রস্ত করে। বর্তমানে বিদেশী ক্রেতা ও বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে চাচ্ছেন। এ পরিস্থিতিতে হরতালের নামে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হলে তা তাদেরকে বাংলাদেশে আসতে নিরুত্সাহিত করবে। বিবৃতিতে সকল রাজনৈতিক দলকে সংঘাতমূলক কর্মসূচি পরিহারের আহ্বান জানানো হয়।