খোঁজখবর

দ্বিতীয় বার টিভি নাটকে অভিনয়েই নিজেকে বেশি ব্যস্ত রাখেন জ্যোতিকা জ্যোতি। এর পাশাপাশি ভালো গল্পের ছবিতে কাজ করার সুযোগ হলে তাতেও অভিনয় করেন তিনি। তবে উপস্থাপনায় অন্য অনেকের মতো দেখা যায় না বললেই চলে। এর আগে বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে জ্যোতিকা জ্যোতিকে উপস্থাপনা করতে দেখা গেলেও এবারই প্রথম কোনো স্যাটেলাইট চ্যানেলের জন্য জ্যোতিকা জ্যোতি উপস্থাপনা করলেন। অনুষ্ঠানের নাম ‘ভ্যালেন্টাইন স্পেশাল কমেডি আওয়ার’। গত সপ্তাহে অনুষ্ঠানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসে বিশেষ এই অনুষ্ঠানটি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে। অনুষ্ঠানে হাস্যরসাত্মক নানান বিষয় উপস্থাপন করবেন জ্যোতি। থাকবে ছোট নাটিকা। সেইসাথে থাকবেন নাটকের তিন জনপ্রিয় জুটি রহমত আলী-ওয়াহিদা মল্লিক জলি, অনন্ত হীরা- নূনা আফরোজ ও শামীম জামান-অমি জামান। গত পহেলা বৈশাখে বাংলাদেশ টেলিভিশনের জন্য ‘ঋতু রং’ অনুষ্ঠানে জ্যোতি প্রথমবারের মতো উপস্থাপনা করেন। আবারও উপস্থাপনা প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এর আগে বিটিভির জন্য উপস্থাপনা করেছিলাম। তবে এবার সত্যিই আগের চেয়ে অনেক ভালো হয়েছে। ’ ------ ‘একুশে বইমেলা’ নিয়ে গান তরুণ গীতিকার রবিউল ইসলাম জীবন এবার গান লিখলেন ‘একুশে বইমেলা’ নিয়ে। ‘তুমি সবার প্রথম প্রেম বিমুগ্ধতার ঘোর, তোমাকে ছুঁয়ে স্বপ্নের শুরু দেখা রঙিন ভোর/ আজ নতুন করে আবার হবে দেখা, পায়ে পায়ে তাই একসাথে পথচলা/ একুশে বইমেলা, বইয়ের মতো করে সময়ের কথা বলা/ একুশে বইমেলা, বইয়ের মতো করে জীবনের কথা বলা’—এমন কথায় সাজানো গানটির সুর ও সংগীত করেছেন ফোয়াদ নাসের বাবু। গেয়েছেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। গত ১ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যায় দেশটিভিতে প্রচার হওয়া আমজাদ সুজনের প্রযোজনা ও কথা’র উপস্থাপনায় বইমেলা উপলক্ষে অনুষ্ঠান ‘ফাগুনের মলাট’ গানটি বাজানো হচ্ছে। রবিউল ইসলাম জীবন বলেন, ‘এমন একটি গানের অংশ হতে পেরে বেশ উত্সাহ বোধ করছি।’ উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ‘জ্বলে উঠে বাংলাদেশ’, আজম খানকে নিয়ে ‘গুরু তোমায় জানাই সালাম’ ইত্যাদি। ------ সামিয়ার শেষ ঈঙ্গিত ব্যাংক ডাকাতি, কিডন্যাপ, খুন ইত্যাদি নিয়ে নিমির্ত হলো টেলিছবি ‘শেষ ইঙ্গিত’। পার্থ সরকারের পরিচালনায় এতে অভিনয় করেছেন সামিয়া আফরিন। মোহাম্মদ নাজিম উদ্দিনের রচনায় এতে আরও অভিনয় করেছেন মডেল আলিফ, আহসান কবির, এ কে আজাদ সেতু, মুকুল সিরাজ, সালেহীন স্বপন, রনোসহ আরও অনেকে। টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে সামিয়া বলেন, ‘গল্পে আমার চরিত্র একজন ডাক্তারের। ডাকাতদের হাতে কিডন্যাপ হয়েও যে সাহস হারায় না। কাজটা করতে গিয়ে কষ্ট হলেও মজা পেয়েছি। চরিত্রটা এত ভাল যে, এখনও মনে হচ্ছে আরও একটু ভালো করতে পারতাম যদি।’ সম্প্রতি এই টেলিছবির শুটিং সম্পন্ন হয়েছে। ---- তিন চলচ্চিত্রে ব্যস্ত নবাগত চিত্রনায়িকা শ্রীনূর তিন ছবি নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। এগুলো হলো ‘কানামাছি’, ‘বিন্দাস প্রেম’ এবং ‘বালিকা বধূ’। এর মধ্যে ‘কানামাছি’ ছবিটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক শাহাদাত্ আলম ভুবন। এতে শ্রীনূরের নায়ক নবাগত মুন। ছবিটির শুটিং এরই মধ্যে শেষ পর্যায়ে। পরিচালক ভুবন জানান, এ ছবিটি শ্রীনূর-ইমরান অভিনীত প্রথম ছবি। দু’জনের অভিনয়ই দর্শক পছন্দ করবে। এ ছাড়া ‘বিন্দাস প্রেম’ পরিচালনা করছেন আসলাম ইকবাল। এ ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীনূর। এ ছবিতে আঁচলের বিপরীতে অভিনয় করেছেন ঐশ্বর্য বীরজান। সম্প্রতি ছবিটির শুটিং শুরু হয়েছে। শ্রীনূর বলেন, ‘মুনের সঙ্গে আমাকে জুটি করে ছবি নির্মাণে নির্মাতাদের আগ্রহ বেশি দেখতে পাচ্ছি। একের পর এক ছবিতে সেভাবেই কাজ করছি। সর্বশেষ আমরা চুক্তিবদ্ধ হয়েছি ‘বালিকা বধূ’ ছবিতে। আশা করছি আমাদের জুটি এবং বিশেষভাবে আমাকে দর্শক ভালোই গ্রহণ করবেন। ---- মৌসুমী-শাবনূরের সঙ্গে ফেরদৌস মৌসুমী ও শাবনূরের সঙ্গে আলাদা আলাদাভাবে ছবি করলেও এই দুই জনের সঙ্গে ফেরদৌস জুটি বদ্ধ হয়ে মাত্র দুইবার পর্দায় উপস্থিত হয়েছিলেন। ২০০৬ সালে মুক্তি পাওয়া আবুল কালাম আজাদের ‘বেয়াইন সাব’ ও ২০১০ সালে মুক্তি পাওয়া আমজাদ হোসেনের ‘গোলাপী এখন বিলেতে’ ছবি দুটি বেশ সফলতাও পায়। এবার তৃতীয় বারের মতো মৌসুমী ও শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছেন ফেরদৌস। গত সপ্তাহে মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে এই দুই অভিনেত্রীর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গত ৩ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে এফডিসিতে। এরই মধ্যে সুদীপ কুমার দীপের কথায় ছবির সমস্ত গান রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এই ছবি প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘অনেক দিন পরে একটি তারকাসমৃদ্ধ ছবিতে অভিনয় করতে যাচ্ছি। আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। ছবিতে দেখা যাবে আমি একজন মেধাবী ছাত্র। মৌসুমী এবং শাবনূর দুজনই আমাকে ভালোবাসেন। কিন্তু একসময় আমাদের তিন জনের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তখন গল্পের প্রেক্ষাপটে পরিবর্তন ঘটে।’ ছবিটির সংগীতায়োজন করেছেন আরেফিন রুমী, জে কে ও আহমেদ হুমায়ুন।