গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের একটি কীর্তিকে ঠাঁই করিয়ে দিতেই যেখানে বিস্তর কষ্ট করতে হয় সেখানে রেকর্ড বইয়ের পাতাকে যেন নিজের সম্পত্তি বানিয়ে বসেছেন একাধিক রেকর্ডের মালিক আশরিতা ফারম্যান। বিশেষ করে গেল ক’বছরে অবস্থাটা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে শুধুমাত্র আমেরিকার এই অধিবাসীর জন্যই রেকর্ড বইয়ে আলাদা কয়েকটি পাতার সংযোজন করতে হয় গিনেজ কর্তৃপক্ষকে। আর একের পর এক রেকর্ড গড়ার এই খেলায় আশরিতা ফারম্যানের সর্বশেষ কীর্তি মুখের থুতনি দিয়ে সবচেয়ে বেশি সময় একটি মইয়ের ভারসাম্য বজায় রাখা। সম্প্রতি নিউইয়র্কের জ্যামাইকাতে থুতনির সাহায্যে একটানা দুই মিনিট ৫০ সেকেন্ড ধরে একটি মইয়ের ভারসাম্য বজায় রেখে অনন্য এই রেকর্ডটি গড়েন ফারম্যান।