চলচ্চিত্রে ব্যান্ড তারকা বিপ্লবের অভিনয়!

জনপ্রিয় ব্যান্ড প্রমিথিউসের ভোকাল বিপ্লব প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন। জাকারিয়া সৌখিনের রচনা ও যুগ্ম পরিচালক রয়েল অনিকের পরিচালনায় ‘গেইম’ চলচ্চিত্রে গতকাল থেকে পূবাইলের জান্নাত শুটিং হাউজে বিপ্লব তার প্রথম চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। ছবিটিতে ব্যান্ড তারকা বিপ্লব অভিনয় করছেন অ্যান্টি হিরোর ভূমিকায়। প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘আজম ভাই আমার এই ছবিতে কাজ করার ব্যাপারে মূল অনুুুুুুুুুুুুুুুুুুপ্রেরণা। তাকে আমি শাহীন সুমনের ‘গড ফাদার’ ছবিতে দুর্দান্ত অভিনয় করতে দেখেছি। ছবিটির গল্প যখন শুনেছি তখন মনে হয়েছে যে এই ছবিটিতে কাজ করা যায়। এমন ভাবনা থেকেই মূলত ‘গেইম’ ছবিটিতে কাজ করছি। দর্শক উপভোগ করবেন এটা বলতে পারি।’ এই ছবির টাইটেল সং ‘গেইম’ লিখেছেন সাংবাদিক জনি হক। এর সুর ও সংগীতায়োজন করেছেন এই ছবিরই অন্যতম অভিনেতা বিপ্লব। রোমান্টিক অ্যাকশন গল্প নির্ভর এই ছবিটিতে আরও অভিনয় করছেন নিরব, অমৃতা খান, মুকিত, ইরফান খান প্রমুখ। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পূবাইলে শুটিং চলবে।