মন্তব্য

‘নির্মাতা নয়, অভিনেতা হতে চেয়েছিলাম কিন্তু পারিনি, কারণ অডিশনে ফেল করেছিলাম।’ চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এক অন্তরঙ্গ আড্ডায় এমন কথা বলেন। ‘গল্পটা আমার জীবনের কিছু ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে। কাজটি করতে পেরে ভালো লাগছে। দর্শক বিচার করবেন আমি কেমন করেছি।’ ব্যান্ডসংগীতশিল্পী হাসান ‘সাগরের ঢেউ’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করা প্রসঙ্গে বলেন। ‘এ মুহূর্তে অভিনয়ে ইতি টানার সিদ্ধান্তকেই সঠিক মনে হচ্ছে আমার কাছে। কারণ সংগীতশিল্পীর পরিচয় চিরকাল সংগীতশিল্পীই। অভিনয়কে রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা বলেই মনে হয়েছে।’ ভারতীয় সংগীতজ্ঞ আশা ভোঁসলে আর অভিনয় না করার সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে বলেন। ‘অন্যের জন্য একক অ্যালবাম খুব একটা করা হয় না আমার। তবে খেয়ার সঙ্গে এ পর্যন্ত যতগুলো গান করেছি, সবই শ্রোতারা পছন্দ করেছেন। তাই ভাবলাম তার একটা একক অ্যালবাম করলে মন্দ হবে না।’ সংগীতশিল্পী আরেফিন রুমি সংগীতশিল্পী খেয়ার একক অ্যালবামে সংগীতায়োজন করা প্রসঙ্গে বলেন।