শ্রীপুরে শিমুল মোস্তফার একক আবৃত্তি সন্ধ্যা

‘মা, তোমার খুব কি মনে পড়ছে আজ আমার লাকড়ি কুড়ানো শৈশব?’ কিংবা ‘এই ঝকঝকে রৌদ্রোজ্জ্বল ঘর আমার না, /আমার ঘরে দাঁড়ালে মাথা স্পর্শ করে ছাদ/ এইটা আমার ঘর না—ওইটা আমার ঘর।’ অথবা ‘আমি বেশ্যার দালাল হতে চাই।’ এ রকম প্রায় দুই ডজন কবিতা আবৃত্তি করে শ্রীপুরের নিভৃত পল্লীতে হাজারো কবিতাপ্রেমী দর্শককে মুগ্ধ করলেন বরেণ্য আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। গত ৩ ফেব্রুয়ারি রবিবার রাতে মাওনার সলিং মোড়ে ইমপ্রেস টেলিফিল্ম (চ্যানেল আই) ও সিটি ব্যাংক প্রবর্তিত সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ইজাজ আহেমদ মিলনের জন্মদিন উপলক্ষে স্থানীয় সতীর্থ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি শিমুল মুস্তাফার একক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে। কবির জন্মদিনে তার কবিতা আবৃত্তির পাশাপাশি দেশের খ্যাতিমান কবিদের জনপ্রিয় কবিতাগুলো আবৃত্তি করে বিপুল সংখ্যক দর্শককে মুগ্ধ করেন আবৃত্তিজগতের এই প্রবাদ পুরুষ। আবৃত্তি শুরুর আগে শিমুল মুস্তাফা বলেন, ‘এই নিভৃত পল্লীতে এমন কবিতা আবৃত্তির আয়োজনে এত দর্শকের উপস্থিতি মানেই কবিতার বিজয়।’ সমকাল সুহূদ সমাবেশের শ্রীপুর শাখার উপদেষ্টা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশিষ্ট আবৃত্তিকার ও সুহূদের সদস্য সচিব ইকবাল আহমেদ নিশাতের সঞ্চালনায় কবি ইজাজের কবিতার ওপর অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন বিশিষ্ট চিকিত্সক নূরুল ইসলাম সিরাজী, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম এমএ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমির হামজা, অধ্যক্ষ একেএম আবুল খায়ের, নাট্যকার মমিনুল ইসলাম, প্রভাষক ও লেখক রাজ্জাক সিকদার, কামাল ফকির, প্রভাষক নূরে আলম সিদ্দিকী প্রমুখ।