গাইবান্ধায় ভাষা শহীদদের স্মরণে সংগীত আসর

গাইবান্ধার একমাত্র নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মোহনা’র ৮৬তম সংগীত আসরকে কেন্দ্র করে শুক্রবার কুয়াশা ভেজা সন্ধ্যায় সংস্কৃতি প্রিয় মানুষে শিল্পকলা একাডেমি ভরে উঠেছিল। এবারের আসরটি ভাষা শহীদদের নিবেদিত করতে উদ্বোধনী পর্বে অমিতাভ দাশ হিমুন মঞ্চে এসে শুরু করলেন ভাষার মাস ফেব্রুয়ারি নিয়ে আবৃত্তিসহ ছোট্ট একটি ভূমিকা। সঙ্গে সঙ্গে সকল দর্শক-শ্রোতা দাঁড়িয়ে শ্রদ্ধা জানাল ভাষা শহীদদের। প্রমতোষ সাহার হাতে প্রজ্জ্বলিত হলো মোমের স্নিগ্ধ আলো। যন্ত্রে বেজে উঠল কালজয়ী সেই সুর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’। বিখ্যাত নাটক ‘খ্যাপা পাগলার প্যাঁচাল’ থেকে নির্বাচিত অংশ পাঠ শুরু করলেন নাট্যজন জহুরুল ইসলাম স্বপন। তার পরিবেশনা শেষ হতেই শিরিন আক্তার জানালেন, উত্তরাঞ্চলের প্রখ্যাত শিল্পী আফরোজা বেগম লুপুর নতুন ভূমিকা তথা সঞ্চালক হিসেবে দায়িত্ব পালনের ইতিবৃত্ত। মাইক্রোফোন হাতে নিলেন লুপু। ডাকলেন যন্ত্র শিল্পী প্রমতোষ সাহা, মতিনুর রহমান, মাসুদুর রহমান মাসুদ ও পুষ্পকে। তার আহবানে মঞ্চে এলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের শিল্পী ফামেতা তাজমিম লগ্ন। তিনি সাবিনা ইয়াসমিন, কনক চাঁপা, কনা ও সফিক তুহিনের বেশকিছু বিখ্যাত গান এবং একটি মডার্ণ ফোক গান শোনালেন। মুগ্ধ হলেন দর্শক শ্রোতা।