ঢাকা

জাবি নাট্যোত্সবে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’

‘প্রদীপ শিখা জ্বলবে আরও ঘোচাতে অন্ধকার’—এ স্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত চলমান সপ্তাহব্যাপী নাট্যোত্সবে নাট্যপ্রদর্শনীর শেষ দিনে আগামী আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে স্বপ্নদলের যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে দর্শকনন্দিত ও আলোচিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-এর রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। যুদ্ধ-সংঘাত-হানাহানির বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার মূল কাহিনী পৃথিবীর ইতিহাসের সর্বাপেক্ষা কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আনবিক বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন প্রভৃতি প্রসঙ্গ। ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার গ্রন্থিকেরা হলেন— হাসান রেজাউল, সোনালী রহমান জুলি, ফজলে রাব্বী সুকর্ন প্রমুখ।