যুক্তরাষ্ট্রের নতুন অবৈধ অভিবাসী বিলে তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন সংস্কার সংক্রান্ত প্রস্তাবিত পরিকল্পনা কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলীয় সদস্যদের তীব্র আক্রমণের শিকার হয়েছে। এতে প্রেসিডেন্ট বারাক ওবামা সমর্থিত সিনেট প্রস্তাবিত এই পরিকল্পনার ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার পরিকল্পনাটি নিয়ে প্রতিনিধি পরিষদে শুনানির সময় রিপাবলিকান সদস্যরা এর মূল একটি অংশ নিয়ে প্রশ্ন তুলে আপত্তি জানায়। এর আগে সর্বশেষ ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বড় ধরনের সংস্কার করা হয়েছিল। তখন প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক করে নেয়া হয়েছিল। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সিনেটে রিপাবলিকান-ডেমোক্রেট উভয়পক্ষের একদল সদস্য অভিবাসন আইনে আবার বড় ধরনের সংস্কারের লক্ষ্যে একটি যৌথ পরিকল্পনা পেশ করেন। এতে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ নাগরিক করার প্রস্তাব দেয়া হয়। পাশাপাশি নতুন অবৈধ অভিবাসী ঠেকাতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করার প্রস্তাব দেয়া হয়। রিপাবলিকান ও ডেমোক্রেট সিনেটররা যৌথভাবে পরিকল্পনাটি তৈরি করায় এটি প্রতিনিধি পরিষদে উভয়পক্ষের বিশেষভাবে রিপাবলিকান সদস্যদের সমর্থন পাবে বলে ধারণা করা হচ্ছিল। প্রেসিডেন্ট ওবামাও পরিকল্পনাটির প্রতি সমর্থন জানিয়েছেন। কিন্তু এক সপ্তাহের মধ্যেই রিপাবলিকান কট্টরপন্থী সদস্যরা এর বিরোধিতায় নেমে পড়লেন। শুনানি কমিটির রিপাবলিকান চেয়ারম্যান বব গুডলাট্টি অভিবাসী আইনের বর্তমান ধারা ও প্রস্তাবিত ধারার মধ্যে একটি “মধ্যবর্তী ধারা” সম্ভব কিনা তা ভেবে দেখতে বলেছেন। যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসী আইনানুযায়ী, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থেকে বের করে দেয়ার বিধান আছে, আর প্রস্তাবিত পরিকল্পনায় এদের বের করে না দিয়ে ধাপে ধাপে নাগরিকত্ব দেয়ার প্রস্তাব করা হয়েছে। রিপাবলিকানদের যুক্তি, ১৯৮৬ সালে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার পর এখন আবার ১ কোটি ১০ লাখ অভিবাসীকে বৈধ করা হরে, আজ থেকে ১০ কি ২০ বছর পর অবস্থা কি দাঁড়াবে? তাদের ধারণা, নতুন পরিকল্পনাটি পাস হলে যুক্তরাষ্ট্রের সীমান্তগুলোতে অবৈধ অভিবাসীর মিছিল শুরু হয়ে যাবে, বিশেষভাবে মেক্সিকো সীমান্তে। কারণ বর্তমান অবৈধ অভিবাসীদের বেশিরভাগই মেক্সিকোর-যুক্তরাষ্ট্র সীমান্ত অতিক্রম করে আসা স্প্যানিশভাষী হিস্পানিক জনগোষ্ঠীর মানুষ।