সংবাদ কণিকা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২০
মঙ্গলে জলধারা
কোটি কোটি বছর আগে মঙ্গলের বুকেও ছিল একাধিক জলধারা। প্রায় ১০০ আগে মঙ্গল গ্রহ থেকে খসে পড়া উল্কা ‘নাখালা’র ধ্বংসাবশেষ পরীক্ষা করে এমনই দাবি করলেন ব্রিটিশ বিজ্ঞানীরা। এতদিন মিসরের এক সংগ্রহশালাতে শোভা পাচ্ছিল ‘নাখালা’। বহু টানাপোড়েনের পর ঐ উল্কাপিণ্ডের ধ্বংসাবশেষ ভূ-তত্ত্ববিদদের হাতে তুলে দেন সংগ্রহশালা কর্তৃপক্ষ। অবশেষে দীর্ঘ পরীক্ষার পর বিজ্ঞানীরা জানালেন, এককালে নাকি পৃথিবী সদৃশ মঙ্গলগ্রহেও ছিল জলের উত্স। — আনন্দ বাজার পত্রিকা
প্রাণীর তালিকা জরুরি
সারা বিশ্বে যত প্রাণী আছে তার একটি তালিকা তৈরি করার বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, কাজটা খুব কঠিন কিন্তু জরুরি। বিজ্ঞানীরা বলছেন, বহু উদ্ভিদ আর প্রাণী আছে যাদের এখনও ল্যাটিন নামকরণ করা হয়নি অথবা হয়তো আবিষ্কারই হয়নি। কোন কোন হিসাব মতে, মোট প্রজাতির সংখ্যা হয়তো দশ কোটির মতো, যার মধ্যে মাত্র পনেরো লাখ প্রজাতির নামকরণ করা হয়েছে। সাধারণ মানুষের ধারণা হয়তো জটিল কোন প্রাণীর অস্তিত্ব আছে ঐ গ্রহে কিন্তু সত্যিই যদি কিছু পাওয়া গিয়ে থাকে বিজ্ঞানীদের কাছে সেটা হচ্ছে ক্ষুদ্রাতিক্ষুদ্র এবং সরল গঠনের কোন প্রাণী। — বিবিসি
যক্ষ্মার ওষুধে ভেজাল
ভারত, আফ্রিকাসহ বিভিন্ন উন্নয়নশীল দেশে যক্ষ্মা রোগ নিরাময়ে জাল ও নিম্নমানের ওষুধ ব্যবহার করা হয়। এই তথ্যটি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষা। উন্নয়নশীল ১৭টি দেশের ১৯টি শহরের স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জানা যায়, বেসরকারি ফার্মেসি থেকে যক্ষ্মা রোগের জন্য আইসোনিয়াজিড এবং রিফ্যামপিসিন এই দু’টি ওষুধ সব থেকে বেশি ক্রয় করেন বেশিরভাগ মানুষ। ওষুধগুলোর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। — এএফপি