স্মৃতিশক্তি হ্রাস করে ডায়াবেটিস
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
ডায়াবেটিস রোগীদের চোখের সমস্যা, দৃষ্টিশক্তি হ্রাস, হূদরোগ, কিডনির সমস্যাসহ নানাবিধ জটিলতা দেখা যায়। কিন্তু ডায়াবেটিস রোগীদের স্মৃতিশক্তি কমে যায় এমন একটি উদ্বেগজনক গবেষণা তথ্য প্রকাশ করেছে জাপানি একটি গবেষণা প্রতিষ্ঠান। জাপানে ১ হাজার লোকের ওপর পরিচালিত গবেষণা জরিপে উল্লেখ করা হয়, ডায়াবেটিস রোগীদের নন ডায়াবেটিস রোগীদের অপেক্ষা স্মৃতিশক্তি লোপ পাবার হার বেশি। গবেষণায় দেখা যায়, যাদের ডায়াবেটিস ছিলো তাদের শতকরা ২৭ ভাগের স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে এবং নন ডায়াবেটিস রোগীদের শতকরা ২০ ভাগের স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। ২০১১ সালের প্রকাশিত এই গবেষণা জরিপের নেতৃত্ব দেন জাপানের ফুকুডার বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব মেডিসিনের অধ্যাপক ডা: ইয়োতাকা কিয়োহারা। গবেষণায় অংশ নেয়া নারী-পুরুষদের বয়স ছিলো ৬০ বছরের বেশি। জাপানের গবেষণা ফলাফল বিবেচনায় এনে শিকাগোর আলজেইমার এসোসিয়েশনের পক্ষে বলা হয়, গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। পাশাপাশি গবেষক দল মনে করেন, ডায়াবেটিস চিকিত্সার চেয়ে প্রতিরোধে মনোযোগী হতে হবে বেশি। পাশাপাশি প্রাথমিক অবস্থায় ডায়াবেটিস রোগের চিকিত্সার ক্ষেত্রে খাদ্য নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ব্যায়াম, শৃংখলাবদ্ধ জীবন যাপন আক্রান্তদের দীর্ঘদিন সুস্থ রাখতে পারে। রক্ষা পেতে পারেন আলজেইমার বা স্মৃতিভ্রম সমস্যা থেকেও।