ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা নির্ণয়ে সংসদীয় কমিটির সুপারিশ

বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রকৃত সংখ্যা নির্ণয়ে মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সাথে এ কমিটি এ মন্ত্রণালয়ের অধীন অসমাপ্ত প্রকল্পসমূহ দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রণালয় ও সংশ্লি¬ষ্ট অধিদফতরকে আরো কার্যকর ভূমিকা গ্রহণেরও পরামর্শ দিয়েছে। গতকাল জতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এ পরামর্শ দেয়া হয়। দেশের সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বৈঠকে জানানো হয়, উপজেলা পর্যায়ে প্রাপ্ত জায়গায় শিল্পকলা একাডেমী নির্মাণের লক্ষ্যে স্থাপত্য অধিদফতরের উদ্যোগে নকশা প্রণয়ন করা হয়েছে। প্রণীত নকশার আলোকে ব্যয় প্রাক্কলন প্রক্রিয়া চলছে। কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মাহফুজা মন্ডল এবং পিনু খান অংশগ্রহণ করেন। বৈঠকে বর্তমান সরকারের সময়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সম্পাদিত উন্নয়ন কার্যক্রম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করা হয়।