মাগুরায় ঘোড়ার জকির কাজ করছে শিশুরা

মাগুরার বিভিন্ন গ্রাম এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এসমস্ত প্রতিযোগিতায় ঘোড়ার জকি হিসাবে ব্যবহার করা হচ্ছে ছোট ছোট ছেলেদের। অথচ কোন রকম প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। ঘোড়ার মালিকেরা সামান্য পুরস্কারের আশায় তাদের ছেলেদের জকি হিসাবে ব্যবহার করতে পিছপা হচ্ছে না। সম্প্রতি মাগুরা জেলার উত্তরবীরপুর, ঘুল্লিয়া, খালিয়া, বড়রিয়া, গাংনী প্রভৃতি গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এসমস্ত প্রতিযোগিতায় ঘোড়ার জকি হিসাবে ১০ থেকে ১২ বছর বয়সী ছেলেদের ব্যবহার করা হচ্ছে। তারা ঘোড়ার পিঠে বসে একটি লাঠি দিয়ে ঘোড়ায় আঘাত করলে ঘোড়া দ্রুতবেগে দৌড়াতে থাকে। অথচ তাদের মাথায় কোন হেলমেট নেই, পায়ে নেই কোন জুতা এবং কোন রকম প্রতিরোধমূলক পোশাক। মাঠের মধ্যে অনুষ্ঠিত এই দৌড় প্রতিযোগিতায় ঘোড়া থেকে পড়ে গেলে জকিদের দুর্ঘটনা ঘটার আশংকা থাকে।