ঝালকাঠিতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ গাইড ও নোটবই
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৫
নিষিদ্ধ ঘোষিত নোটবই ও গাইড বিক্রি হচ্ছে ঝালকাঠিতে। প্রতিরোধে চলতি বছর কোন অভিযান বা মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে না। প্রকাশ, সরকার দলীয় এক নেতা নোট, গাইড জব্দ বা উদ্ধার অভিযান না হবার নিশ্চয়তা দিয়ে প্রশাসনের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। পার্শ্ববর্তি জেলা বরগুনা, বিভাগীয় শহর বরিশাল, পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হচ্ছে। এসব স্থানে বিপুল পরিমাণ বই উদ্ধার করে গুদাম সিলগালা করা হচ্ছে। অথচ ঝালকাঠির চিত্র সম্পূর্ণ উল্টো। একশ্রেণীর অসাধু বই বিক্রেতা তাদের গুদামে বিপুল পরিমাণ নোট ও গাইড মজুদ করে প্রকাশ্যে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এরসাথে বিভিন্ন বিদ্যালয়ের কিছু অসাধু শিক্ষকের সহায়তায় সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। ঐসব শিক্ষক মোটা অংকের বিনিময়ে শিক্ষার্থীদের তাদের পছন্দের কোম্পানীর নোট,গাইড কিনতে বাধ্য করছে। ঝালকাঠি বইয়ের বাজার ঘুরে দেখা গেছে প্রায় প্রতিটি বইয়ের দোকানেই নিষিদ্ধ গাইড বিক্রি হচ্ছে দেদারসে। তবে এসব গাইড লাইব্রেরীতে না রেখে মসজিদের ভিতরে, বাসাবাড়িতে গোডাউন করে মজুদ রেখে বিক্রি করছে।