সর্বত্র ছেলেধরা আতংক

সখিপুরে ৮ শিশু উদ্ধার এক মহিলা আটক

সখীপুরে ছেলেধরা সন্দেহে উপজেলার পাথারপুর বাজার থেকে স্থানীয় জনতা মঙ্গলবার ৮ শিশুকে উদ্ধার এবং বাঘেরবাড়ি গ্রাম থেকে এক মহিলাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় উপজেলাব্যাপী ছেলেধরা আতংক বিরাজ করায় প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়গামী শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের সাথে নিয়ে এসে বিদ্যালয়ের গেটে বসে থেকে ছুটির পর সঙ্গে করে নিয়ে যাচ্ছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ধামর গ্রামের ৮ শিশু সিএনজিযোগে সখীপুর-ভালুকা সড়কে আসার পথে পাথারপুর বাজারে এসে পৌঁছলে স্থানীয় জনতার সন্দেহ হলে তারা শিশুদের নামিয়ে পুলিশে সোপর্দ করলে ছেলেধরা গুজব ছড়িয়ে পড়ায় বিভিন্ন গ্রাম থেকে শত শত জনতা থানার গেইট ও রাস্তায় ভিড় জমায়। এ সময় ভিড় সামাল দিতে পুলিশের হিমশিম খেতে হয়। উদ্ধারকৃত শিশুদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। এরা হলো- সোহাগ, সুজন, আলিম উদ্দীন, রুবেল, রানা, রফিকুল, ইসমাইল, রুবেল মিয়া ও শাহিন মাহমুদ। এদেরকে অনেকেই ছেলেধরার শিকার কিংবা এদের মাধ্যমে ছেলেধরা হয় বলে সন্দেহ করছেন। তবে পুলিশী হেফাযতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে ঐদিন উপজেলার বাঘেরবাড়ি গ্রামে আছিয়া নামে (৪২) এক মহিলাকে ছেলেধরা সন্দেহে রাস্তা থেকে ধরে বেধড়ক গণপিটুনি দিয়ে গ্রামবাসী পুলিশে দেয়। মহিলা উপজেলার কচুয়া গ্রামের ভ্যানচালক নাসির উদ্দীনের স্ত্রী।