ঘূর্ণিঝড় ফণীর কারণে দেশের উপকূলীয় ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে ৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।শুক্রবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল।
তিনি বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে ৪ লাখ ৪ হাজার ২৫০ জন মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। সন্ধ্যার মধ্যে ২১ থেকে ২৫ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ত্রাণ সচিব আরও বলেন, নেভি, কোস্টগার্ড, পুলিশ, আনসার-ভিডিপি, স্বেচ্ছাসেবক দল উপকূলের মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়াসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।
আরও পড়ুন: ওড়িশায় ফণীর তাণ্ডব, নিহত ৫
এদিকে ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে সকাল সাড়ে ৯টায় নাগাদ আঘাত হানে ফণী। এতে ওই রাজ্যে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে সান টাইমস নামের একটি সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, ঝড়ের একটানা গতিবেগ ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ২০০-২৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এ ঝড় শুক্রবার মধ্যরাতের দিকে খুলনাসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারে। এরপর তা রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহের উপর দিয়ে দেশের উত্তরাংশ পেরিয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসময় ঝড়ে শক্তি কিছু কমে আসবে।
ইত্তেফাক/জেডএইচ