পুঠিয়ায় ‘পকেট কমিটি’ নিয়ে আওয়ামী লীগে সংঘর্ষ, আহত ১০
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৯
রাজশাহীর পুঠিয়ায় ‘পকেট কমিটি’ নিয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ২টি ইউনিয়ন এবং পুঠিয়া পৌরসভায় পকেট কমিটি ঘোষণার অভিযোগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন হয়েছেন। গুরুতর আহত রহিদুল ইসলাম ও অনি ইসলামকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং অন্যদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। গত রবিবার সশস্ত্র সমর্থকদের পাহারায় এবং আগেরদিন পুলিশ পাহারায় স্থানীয় সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দ্বারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, গত রবিবার বিকালে স্থানীয় কলেজ মাঠে পুঠিয়া পৌর আওয়ামী লীগ ও পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু দুই পক্ষের দ্বন্দ্বের কারণে প্রথমে সম্মেলন স্থগিত ঘোষণা এবং পরে ভোটাভুটি ছাড়াই পকেট কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে পুঠিয়া থানার সামনে দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
সাংসদ আব্দুল ওয়াদুদ দ্বারা দাবি করেন, জেলার নেতাদের উপস্থিতিতে পুঠিয়া পৌরসভায় আবু বাক্কার সভাপতি ও শাহরিয়ার রহিম সাধারণ সম্পাদক এবং পুঠিয়া ইউনিয়নে ফয়েজ আমিন সভাপতি ও জুয়েলকে সাধারণ সম্পাদক করে নিয়মতান্ত্রিক উপায়ে কমিটি ঘোষিত হয়েছে। আগেরদিনের ঘটনার ব্যাপারে তিনি বলেন, তিনি চলে আসার পর সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পুঠিয়া থানার ওসি আব্দুস সালাম বলেন, পক্ষ-বিপক্ষ রয়েছে। আগেরদিনের ঘটনার জের ধরে রবিবার প্রথমে সাংসদের পক্ষের লোকেরা হামলা করে। পরে অপরপক্ষের লোকজন বেলপুকুর থেকে আসা সাংসদের সমর্থকদের উপর হামলা করে। উভয়পক্ষের অল্প কয়েকজন করে আহত হন। পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।