জামায়াতের সঙ্গে গোপন সমঝোতা হয়নি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৮
যুদ্ধাপরাধীদের রক্ষায় জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে এবং একাত্তরের ঘাতক কাদের মোল্লার ফাঁসির দাবিতে গতকাল বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, জামায়াতের সঙ্গে সরকারের কোনো গোপন সমঝোতা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গেই রায় দিয়েছে। তবে কাদের মোল্লার বিরুদ্ধে রায় জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি। এ রায়ে মুক্তিযোদ্ধাসহ দেশবাসীর সঙ্গে আওয়ামী লীগও হতাশ হয়েছে। জাতি প্রত্যাশা করেছিল রায়ে কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি হবে। জনপ্রত্যাশা বিরোধী এ রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে।
সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ। একাত্তরে মানুষ হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কাদের মোল্লার সর্বোচ্চ সাজা না হওয়ায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।
দেশাবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, লাখ লাখ মানুষের মনের রায়কে সমর্থন জানানো উচিত ছিল। মানুষের অনুভূতিকে সম্মান জানানো উচিত ছিল। তিনি বলেন, মানুষ যে রায় আশা করেছিল রায় সে রকম হয়নি। মুক্তিযোদ্ধারা হতাশ হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। কাদের মোল্লার বিষয়ে জামায়াতের সঙ্গে সরকার কোন আঁতাত করেনি দাবি করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আঁতাতের প্রশ্নই উঠে না।
এদিকে সকালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ রাজধানীর বিভিন্ন সড়কে হরতাল বিরোধী মিছিল করে। বেলা বাড়ার সাথে সাথে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ওলামালীগ, ঢাকা সড়ক পরিবহন লীগ, নাগরিক সংহতি পরিষদ, বাংলাদেশ জাতীয় হকার্স লীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, আওয়ামী সমর্থক জোটসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধু এভিনিউর সামনে হরতাল বিরোধী মিছিল নিয়ে আসে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দি, এনামুল হক শামীম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল হক রেজা, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবি চৌধুরী শাওন এমপি, যুবমহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এমপি, সাধারণ সম্পাদক অপু উকিল এমপি, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক লিয়াকত শিকদার, গোলাম সারোয়ার কবির, ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রমুখ।