খায়রুল কবিরের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৯
আজ সাংবাদিক ও ব্যাংকার খায়রুল কবিরের ১৬তম মৃত্যুবার্ষিকী। কবির ১৯৯৭ সালের ৭ই ফেব্রুয়ারি বার্ধক্যজনিত রোগে সিঙ্গাপুরে মারা যান। মরহুম কবির ছিলেন দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রথম আজীবন সদস্য।
ব্যাংকিং ক্ষেত্রে জনাব কবির ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডার ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এই ব্যাংকটি আগে ব্যাংক অফ ত্রিপুরা আসাম এন্ড বেঙ্গল নামে পরিচিত ছিল। তিনি ছিলেন পাকিস্তান শিল্প ব্যাংকের পরিচালক এবং জনতা ব্যাংকের প্রথম চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি আমেরিকান ব্যাংকার্স এসোসিয়েশনের ফেলো ছিলেন।
খায়রুল কবির বাংলাদেশের ঐতিহাসিক ৬ দফা কর্মসূচির অন্যতম প্রণেতা ছিলেন। তিনি শেখ মুজিবুর রহমান, খান আবদুস সবুর খান, জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, তফাজ্জল হোসেন মানিক মিয়া, কাজী আনোয়ারুল হক, ডঃ মাহমুদ হোসেনের মত দেশের বহু গুণী কৃতী সন্তানের অত্যন্ত ঘনিষ্ঠ সঙ্গী এবং বন্ধু ছিলেন। তিনি পূবালী জুট মিলস্ লিমিটেড, ইষ্ট পাকিস্তান কো-অপারেটিভ ইন্সুরেন্স সোসাইটি এবং ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ছিলেন।
দেশের ক্রীড়াজগতেও তাঁর পদচারণা ছিল। তিনি তদানীন্তন পাকিস্তান বাস্কেট বল ফেডারেশনের সভাপতি ছিলেন। ফুটবল ফেডারেশন ও ক্রিকেট কন্ট্রোল বোর্ডেরও সদস্য ছিলেন। তিনি ঢাকা ষ্টেডিয়াম নির্মাণ কমিটির সদস্য ছিলেন। এছাড়াও ইষ্ট পাকিস্তান ফ্লাইং ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। মরহুম খায়রুল কবির ঘোড়াশালের সম্ভ্রান্ত কবির পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমের আত্মার মাগফিরাতের জন্য আজ তার পৈতৃক বাড়িতে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি