রেশ ছিল না হরতালের
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৯
শাহবাগ মোড়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যে অভূতপূর্ব প্রতিবাদ সমাবেশ চলছে বইমেলাতেও ছড়িয়ে পড়েছিল তার রেশ। সারাদিনের হরতালের রেশ ছিল না বইমেলায়। পাঠকরা ঠিকই ভিড় জমিয়েছিলেন বইমেলা প্রাঙ্গণে। মেলা প্রাঙ্গণ জুড়ে আড্ডার আসর। স্টলগুলোতে পাঠকদের ভিড়।
বইমেলায় বহেড়াতলায় বসছে লিটল ম্যাগ চত্বর। প্রথম কয়েকদিন ফাঁকা থাকলেও এখন তরুণ লেখক সাহিত্যিকদের আনাগোনায় জমে উঠেছে এ চত্বর। ঋদ্ধি, অমিত্রাক্ষর, উলুখাগড়া, গদ্য, শুদ্ধস্বর, শব্দগুচ্ছ, অগ্রবীজ, লোকায়ত, লোক, একবিংশ, প্রতিশিল্প, ল্যাম্পপোস্ট, সামপ্রতিক, শিরদাঁড়া, দাঁড়কাক মিলিয়ে এ চত্বরে রয়েছে মোট ৪২টি স্টল। প্রতিদিনই মেলায় লিটল ম্যাগগুলোর নতুন সংখ্যা আসছে। সেইসঙ্গে সারাদেশ থেকে তরুণ লেখকরাও ভিড় জমাতে শুরু করেছেন লিটল ম্যাগ চত্বরে।
এবারের মেলায় নিষিদ্ধ বই হিসাবে বিবেচিত ‘ডোরেমন’ বিক্রি করছে আবিষ্কার নামে একটি প্রকাশনী। ক্রেতা সেজে কয়েকজন সাংবাদিক ডোরেমন কিনতে গেলে আবিষ্কার প্রকাশনীর প্রকাশক বইটি বিক্রির জন্য বের করেন। নীতিমালা ভেঙে কেন বিক্রি করছেন এ ধরনের প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি।
নজরুল মঞ্চের চিত্র :এবারের মেলার ষষ্ঠদিনে ‘নজরুল মঞ্চে’ উন্মোচিত হয়েছে ৬টি নতুন বইয়ের মোড়ক। এর মধ্যে কার্টুনিস্ট আহসান হাবীব উন্মোচন করেন ‘রূপ প্রকাশন’ প্রকাশিত মহীবুল আজিজের ‘সৈয়দ ওয়ালীউল্লাহ ও অন্যান্য প্রবন্ধ’ এবং ডা. প্রণব কুমার চৌধুরীর ‘প্রেসক্রিপশনের গল্প’। আরো উন্মোচিত হয় রবি মুহাম্মদের ‘মানুষ’, মোস্তফা আহসান হাবীবের ‘অ্যাকটিভ ডিনায়্যাল সিস্টেম’, দিলদার হোসেনের ‘চলচ্চিত্র, নাটক ও সাহিত্যের অলিতে গলিতে’ ও এম. এম. রজব আলীর ‘অনন্ত অপেক্ষা’।
নতুন বই :বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বুধবার মেলায় এসেছে ১০০টি নতুন বই। এর মধ্যে গল্প ১১, উপন্যাস ১৬, প্রবন্ধ ৩, কবিতা ২৪, গবেষণা ১, ছড়া ১, শিশুসাহিত্য ২, জীবনী ৬, মুক্তিযুদ্ধ ২, নাটক ১, বিজ্ঞান ৭, রাজনীতি ২, চিকিত্সা/স্বাস্থ্য ১, রম্য/ ধাঁধা ৩, ধর্মীয় ৪, অনুবাদ ২ এবং অন্যান্য বিষয়ের ১৪টি বই প্রকাশিত হয়েছে।
ষষ্ঠ দিনে গতকাল মূলমঞ্চে অনুষ্ঠিত হয় দ্বিজেন্দ্রলাল রায়; সার্ধশত জন্মবর্ষের শ্রদ্ধাঞ্জলি শীর্ষক সেমিনার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসাইন। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মাহবুবুল হক, কথাশিল্পী মহীবুল আজিজ, অধ্যাপক সৌমিত্র শেখর প্রমুখ। সভাপতিত্ব করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বিশিষ্ট ভাষাবিজ্ঞানী অধ্যাপক পবিত্র সরকার।
সন্ধ্যায় আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী নীলোত্পল সাধ্য, প্রমীলা ভট্টাচার্য, নার্গিস চৌধুরী, মহাদেব ঘোষ, আজিজুর রহমান তুহিন, স্বর্ণময়ী মণ্ডল, এ. টি. এম জাহাঙ্গীর, সুমা রাণী রায় এবং সঞ্জয় রায়।
আজকের আয়োজন
আজ বৃহস্পতিবার মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে কমল দাশগুপ্ত : জন্মশতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা। মূল প্রবন্ধ পাঠ করবেন অধ্যাপক করুণাময় গোস্বামী। প্রখ্যাত নজরুল গবেষক রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আলোচনা করবেন আবাম নুরুল আনোয়ার, সৈয়দ আবদুল হাদী ও খায়রুল আলম সবুজ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।