সারাদেশে বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪০
সারাদেশে আধা সামরিক বাহিনী বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। বেসামরিক প্রশাসন ডাকামাত্রই এ বাহিনী যাতে সাড়া দেয় সেজন্য এ নির্দেশ দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে সারাদেশে জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের সম্ভাব্য ‘নাশকতা’ দমনে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঈন উদ্দিন খোন্দকার ইত্তেফাককে গতকাল বুধবার বলেন, বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে আধা সামরিক বাহিনী বিজিবিকে নির্দেশ দেয়া হয়েছে। মহানগর এলাকায় পুলিশ কমিশনার এবং জেলার জেলা প্রশাসকগণ প্রয়োজন দেখা দিলে বিজিবিকে ডাকতে পারবেন এবং বিজিবি সে নির্দেশনা অনুযায়ী তাত্ক্ষণিক মাঠে নামবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিজিবির প্রতি এ নির্দেশ বহাল থাকবে বলে তিনি জানান।
গত দুইদিনে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বিজিবিকে রাত্রিকালীন মহড়ায় বা নিরাপত্তা কাজে পুলিশকে সহযোগিতায় নামানো হয়। এ টহল অব্যাহত থাকবে বলে বিজিবিসূত্র জানায়।
এদিকে জামায়াতে ইসলামী তাদের নেতাদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল ভেঙ্গে দেয়াসহ নেতাদের মুক্তির দাবিতে আন্দোলন-সংগ্রাম শুরু করেছে। ইতিমধ্যে কয়েক দফা হরতালও করেছে। আগামীতে লাগাতার হরতাল ডাকার পরিকল্পনার কথাও জানিয়েছে। হরতালে ব্যাপক সহিংসতা ঘটেছে। বিশেষ করে পুলিশকে চোরাগোপ্তা হামলার লক্ষ্যে পরিণত করা হয়। পুলিশের নির্দয় মারখাওয়া নিয়ে জনমনে আতঙ্কের পাশাপাশি নানা প্রশ্নও দেখা দিচ্ছে। এরকম বাস্তবতায় গত পরশু থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বগুড়ায়ও এক রাতের জন্য বিজিবি মোতায়েন করা হয়। বিজিবি অবশ্য এখনো কোনো অ্যাকশনে যায়নি। তবে সারাদেশে বিজিবিকে সতর্ক রাখা হয়েছে। যেকোনো সময় যেকোনো জায়গায় পৌঁছাতে পারে এমন প্রস্তুতিও নিয়ে রাখতে বলা হয়েছে।