জিএসপি বাতিলের উদ্যোগ, তৈরি পোশাক শিল্পে অশনি সংকেত
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪১
বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা বাতিলের উদ্যোগ বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের জন্য অশনি সংকেত। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জিএসপি বাতিল হলে এ মুহূর্তে কিছু বোঝা না গেলেও এর নেতিবাচক প্রভাব হবে সুদূর প্রসারী। তিনি জিএসপি নিয়ে আসন্ন শুনানিতে বাংলাদেশের সফল অংশগ্রহণ নিশ্চিত করতে অনতিবিলম্বে টিকফা চুক্তিতে স্বাক্ষর এবং দেশের গার্মেন্টস শ্রমিকদের বঞ্চনা বন্ধ করে তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরী পোশাক শিল্পের সকল মালিক এবং তাদের সংগঠন বিজিএমই’র প্রতি আহবান জানান।
গতকাল বুধবার দুপুরে নগরীর সিজেকেএস ইনডোর স্টেডিয়ামে বিজিএমইএ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী চট্টগ্রাম এপারেলস ফেব্রিক এন্ড এক্সেসরিজ এক্সপোজিশন কাফেক্সপো ২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা প্রদানকালে তিনি এসব কথা বলেন। তিনি পরে শতভাগ রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্পের মেলার উদ্বোধন করেন।
বাণিজ্যমন্ত্রী বিজিএমইএ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ইতিমধ্যে দেশে যে কয়টি গার্মেন্টস কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটেছে, দেখা গেছে তার সব কয়টিতেই মালিক কর্তৃপক্ষ ছোটখাট চুরিচামারি এড়াতে কলাপসিবল গেইট বন্ধ করে রেখেছিলো। তিনি গার্মেন্টস মালিকদের প্রতি এ ধরনের মানসিকতা পরিত্যাগ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, জিএসপি’র সাথে বাংলাদেশের অনেক কিছুর সম্পর্ক রয়েছে, যা শত কোটি টাকা দিয়েও কেনা যাবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ’র প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন। স্বাগত বক্তৃতা করেন বিজিএমইএ’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নাসিরউদ্দিন চৌধুরী। মেলায় এবার দেশি-বিদেশি ২৪ টি দেশ অংশগ্রহণ করছে। পুরো মেলায় তৈরী পোশাক শিল্পের বিভিন্ন বিষয়ের উপর ৪৭টি স্টলে বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে।