স্বল্পমেয়াদি পরিকল্পনা পাসের আহ্বান ওবামার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাজেট সংকট কাটাতে স্বল্পমেয়াদি পরিকল্পনা পাস করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। ওবামা বলেন, ব্যয় হ্রাস ও কর সংস্কার পুরোপুরি বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই এ বিষয়ে স্বল্প মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা উচিত। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেননি। আগামী ১ মার্চ ব্যয় হ্রাস ও কর সংস্কার বাস্তবায়ন হবে। খবর বিবিসির। ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট ওবামা বলেন, রিপাবলিকানদের সঙ্গে দরকষাকষিতে সাফল্যের ব্যাপারে তিনি আশাবাদী। তবে রাজস্ব বাড়ানোর জন্য কর সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রিপাবলিকানরা। প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ কর্মসূচিতে দীর্ঘ মেয়াদি ব্যয় হ্রাসের ফলে প্রতি বছর ৮৫ বিলিয়ন ডলার ব্যয় হ্রাস হবে। এভাবে ২০২২ সালের মধ্যে ১.২ ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাস পাবে। গত মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ওবামা বলেন, দীর্ঘ মেয়াদি পরিকল্পনা অনুযায়ী ৪ ট্রিলিয়ন ব্যয় হ্রাস করা সম্ভব। তবে ১ মার্চের মধ্যে সেই পরিকল্পনা অনুমোদনের জন্য সময় খুবই কম। তিনি বলেন, তারা বাজেটের মাধ্যমে এটি করতে চান, কর্মসংস্থান হ্রাস হয় এমন কোন কিছু করতে চান না। সিনেটে রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককোনেল ওবামার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, অর্থপূর্ণ ব্যয় হ্রাস ছাড়া মার্কিনীরা কর বৃদ্ধি মেনে নেবে না। কংগ্রেসের বাজেট অফিস থেকে জানানো হয়, এবছর তাদের বাজেট ঘাটতি কমে ৮৪৫ বিলিয়ন ডলার হয়েছে। ওবামা দায়িত্ব নেয়ার পর এই প্রথম ঘাটতি ১ ট্রিলিয়ন ডলারের নিচে নামল।