ক বি তা
শীতের কবিতা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:২২
শিশুহামাগুড়ি দিয়ে শীত নামছে নভেম্বরের ঢালে;
ও বাসার উঠতি কিশোরী মিতু, লকলকে পুঁইডগা,
পাতলা সোয়েটার পরে এক্কা-দোক্কা খেলছে উঠোনে
আলমারির ড্রয়ার থেকে বাইরে এসেছে বুনন কাঁটারা
বন্যার পানির মতো বাড়ছে উলের দাম
যুবকেরা খঁজে ফিরছে মনমতো জ্যাকেট শপিং মলে মলে
আর এদিকে, জৈনসার খালে, শ্যাওলা ঘন হচ্ছে নিঃশ্বাসের জলে!
খালাম্মার কোমরে, হাঁটুর জোড়ায় লুকানো বাত গলা তুলছে আবার
আবার জাঙ্গালিয়া মাঠে ছোটদের হেমন্তের কুমকুম!
আবার আবিদ সাহেব তার দোনলা বন্দুক পার্ট পার্ট খুলে
মেলে রেখেছেন নির্বিষ রোদে।
তোমাদের মিনমিনে টিভি-নাটকে দৃশ্য হবার জন্য
বালিহাঁসের দল আকাশের মালা হয়ে আসবে এবারও,
আমার বুক আর গলা খামচে ধরেছে মৌসুমি শ্লেষ্মা—
শীতের সিরাপ খাচ্ছি, নীল তারার মতো চমত্কার বড়ি গিলছি
বারান্দার রোদে জলতরঙ্গের ছোট ছোট শব্দ পাচ্ছি মলিন সরোদে
এখন জামার হাতা গুটিয়ে রাখার প্রশ্নই ওঠে না।