ক বি তা

রাত সাদা পথ সাদা

আমি তো প্রায়ান্ধ ঘোড়া, ঝড়োবেগ নিয়ে এসেছি সাগরে। এই মৃত্যুর দুয়ারে ভাসিয়েছি ডিঙি নাও। ভেসে যেতে যেতে মনে পড়ে আমাদের শিউলিসকাল ঘুমভাঙা চোখে ওই রাত্রির জোনাক মিটিমিটি হাসে—বলে, ‘ফুল নেবে বাবু?’ খালি পায়ে মেঠোপথ ধরে হেঁটে চলি ধূ-ধূ মাঠ, উঁচুনিচু গাছ লতাপাতা আঁকড়ে ধরে বিষণ্ন শৈশবযান—দেখি গাছের ছায়ারা ঘিরে আছে পথে পথে ছায়াগুলো বিষ, যেন ধারালো বিজলি জোছনাটা সাদা, রাত সাদা পথ সাদা দূরের দিগন্ত সাদা। তবুও অক্ষর উড়ে উড়ে চলে মুঠো থেকে, প্রাণ থেকে।