ক বি তা

বিশুদ্ধ অগ্নির সারসেরা

কামারের কাছে ছুটি পেলে বিশুদ্ধ অগ্নির সারসেরা সূর্যে মিশে যায়। এ শহরে হাওয়ার আপেলে কামড় না দেয়া যুবকেরা কেঁদে থাকে, গোলাপ হাতে ইতস্তত প্রেমিকেরা দীর্ঘদিন মূক ছিল আর আমিষ-অরণ্য ও নোনতা হ্রদের যারা পর্যটক, পৌর কর্তারা দু-তিনটি ঝাঁকুনি দিয়ে হাঁটুব্যথা বা শীতের দোহাই দিয়ে বালিশে মুখ ওপাশ করে ঘুমিয়ে পড়েছিল। সকালে সূর্য উঠলে সব্বাই, সেদিন জড়ো হয়েছিল জানালার পাশে। মৃত মেয়েটির মুখ তবুও চাদরে ঢাকা ছিল। সাদা সারসের চাদর। কেউ বলেছিল, এ তো ধবল রোগের কাম। না না মেয়েটির এমনিতে অসুখ ছিল। এই মোবাইলেই যত সর্বনাশ। ওরা কজন ছিল? অ্যাই জানালা বন্ধ করে দ্যান। কামারও কয়েকদিন জ্বরে আক্রান্ত। বিশুদ্ধ অগ্নির সারসেরা এখনও জন্মাতে পারেনি। শোনা গেছে, কামার ডাক্তার দেখাতে যাবে।