তথ্য বিচিত্রা

স্বর্ণ খনি

বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ খনিগুলোর একটি হিসেবে যেটিকে স্বীকৃতি দেওয়া হয় সেটি হলো ইন্দোনেশিয়ার পাপুয়াতে অবস্থিত গ্র্যাসবার্গ খনি। তবে মজার বিষয় হলো প্রাথমিকভাবে এটিকে সবাই তামার খনি হিসেবেই চিহ্নিত করেছিলেন। বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে যে প্রতিষ্ঠানটির নাম আলোচিত হয় সেটি হলো কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ব্যারিক গোল্ড। ২০১০ সালের হিসেব অনুযায়ী এই প্রতিষ্ঠানটি একাই খনি থেকে প্রায় ২০৯ টনের মতো স্বর্ণ উত্তোলন করে। বিশ্বের অধিকাংশ স্বর্ণই হাতে গোনা কয়েকটি বৃহত্ প্রতিষ্ঠানের মাধ্যমে উত্তোলিত হলেও স্বর্ণ উত্তোলন করে এমন ছোট পরিসরের এবং স্বাধীনভাবে কাজ করা প্রতিষ্ঠানের সংখ্যাও ৫০,০০০ এর বেশি। অনেকের মতে বিশ্বে সর্বপ্রথম যে খনি থেকে স্বর্ণ উত্তোলন করা হয়েছিল সেটি হলো ভারতের কর্ণাটকে অবস্থিত কলার গোল্ড ফিল্ডস। রোমানদের ব্রিটেন ও ট্রানসিলভানিয়া (বর্তমান রোমানিয়া) আক্রমনের পেছনে স্বর্ণের খনিই মূল উদ্দেশ্য ছিল বলে মনে করা হয়। ধারণা করা হয় যে, সামপ্রতিক সময়ে নতুন করে যেসব স্বর্ণ খনি খনন করা হয়েছে সেসব খনি থেকে উত্তোলিত শতকরা আশি ভাগ স্বর্ণই ব্যবহূত হবে অলঙ্কার তৈরির কাজে।