এফডিসিভিত্তিক ফিল্ম থেকে আমার ফিল্মের বাজেট বেশি

মু খো মু খি বিদ্যা সিনহা মিম। এ সময়ের ছোটপর্দার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী। এর পাশাপাশি তিনি এখন একাধিক চলচ্চিত্রেও অভিনয় করছেন। এবং এবারের বইমেলায় প্রকাশ হলো তার দ্বিতীয় বই। সম্প্রতি তার প্রকাশিত বই, বর্তমান ব্যস্ততা, ও চলচ্চিত্রসহ মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন বিনোদন প্রতিদিন-এর সাথে। সাক্ষাত্কার নিয়েছেন রবি হাসান আপনার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে শুনতে চাই। এই মুহূর্তে একটি এক ঘণ্টার নাটকে শুটিং করছি। ‘পদ্ম পাতার জল’ ছবিটিরও শুটিং চলছে। ‘জোনাকির আলো’ ছবির ডাবিং শেষ হলো। পোস্ট প্রোডাকশনের বাকি কাজগুলো শেষ হলো এপ্রিলের দিকে রিলিজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। খুব শীঘ্রই ‘তুমি সুন্দর মেঘমালা’ নামের একটি চলচ্চিত্রেও কাজ শুরু করব। এর মধ্যে আবার আমার বই বের হয়েছে, এই শুক্রবারে আবার মেলায় যাব। সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে। ইদানীং ছোটপর্দার অনেক তারকাই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ভিড়ছে, বিষয়টি কীভাবে নিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই ভালো, আমি যখন প্রথম চলচ্চিত্রে অভিনয় করলাম তারপর থেকেই আস্তে আস্তে দেখা গেছে ছোটপর্দা থেকে অনেকেই কাজ করতে আগ্রহী হয়েছে, কাজ করতে চায় এবং অনেকে করছে। অবশ্যই এটা খুব ভালো। আমাদের এখন অনেক ভালো ভালো ফিল্ম নির্মাণ হওয়া শুরু হয়েছে। আমাদের দর্শকরাও রেসপন্স করতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিটা আবারও জমজমাট হতে যাচ্ছে। ছোট পর্দার অনেক তারকারাই এখন চলচ্চিত্রে পাকা ঠাঁই করার জন্য নাটক-টেলিফিল্মের কাজ প্রায় বন্ধই করে দিয়েছেন, সেদিক দিয়ে আপনি নিয়মিতই ছোটপর্দায় কাজটি করে যাচ্ছেন। বিষয়টি সম্পর্কে কিছু বলুন। আমি ঠিক জানি না কারা কারা নাটক-টেলিফিল্মের কাজ একেবারেই বন্ধ করে দিয়েছেন বা প্রায় বন্ধ করছেন। এ বিষয়ে আমার কোনো ধারণাই নেই। তবে আমি বলব, আমাদের কমার্শিয়াল ফিল্ম একেবারেই হাতে গোনা হচ্ছে। আমি এখন প্রচুর চলচ্চিত্রের অফার পাচ্ছি, পছন্দ হলে করছি, যখন পছন্দ হয় না তখন করছি না। যেমন এখন আমার হাতে চারটি ফিল্ম, দেখা যাবে কিছুদিন পর আবার পছন্দ হচ্ছে না, তাই ফিল্মও নেই। যেহেতু বেছে বেছে কাজ করছি এবং করব তাই ছোটপর্দাতে সেই গ্যাপটা পূরণ করা যেতেই পারে। আর আমাদের টিভি বলেন আর ফিল্মই বলেন, দুজায়গাতেই শিল্পী সংকট চলছে। সেদিক থেকে নির্মাতারাও চান যেন আমরা নাটক-টেলিফিল্মে কাজ করি তাই করা হয়। যখন আমি নিয়মিত কমার্শিয়াল ফিল্মে কাজ করব তখন নাটক-টেলিফিল্ম আমিও ছেড়ে দেব। আর এখন তো অনেক ফিল্মের তারকারাও নাটক-টেলিফিল্মে কাজ করছেন। তারাও তাদের সেই গ্যাপ সময়টাই পূরণ করছেন বলে আমার মনে হয়। আপনি এখন যেসব ছবিতে অভিনয় করছেন তার সবকটিই মোটামুটি কম বাজেটের ছবি। এই বাজেটের ছবিতে কাজ করে নিজেকে কি একজন সফল চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন? আমি এখন যেসব ছবিতে কাজ করছি তার কোনোটাই কম বাজেটের ছবি না। ‘পদ্ম পাতার জল’ ছবিটির বাজেট প্রায় সাড়ে ৩ কোটি। ‘পায়রা’ ছবিতে কাজ করছি, সেটাও প্রায় এক কোটির উপরে। আর এখনও তো ‘তুমি সুন্দর মেঘমালা’ ছবির কাজ শুরুই করিনি। আর এই ছবির সম্পূর্ণ শুটিং হবে দেশের বাইরে সুইজারল্যান্ডসহ একাধিক দেশে। সেদিক থেকে এটার বাজেটও অনুমান করা যায়। এখনকার এফডিসিভিত্তিক চলচ্চিত্র থেকে আমার ছবিগুলোর বাজেট অনেক অনেক বেশি। আপনি তো গত বইমেলা ও এবারের বইমেলা নিয়ে মোট দুইটি বই প্রকাশ করলেন। এদিক দিয়ে আমাদের মামুনুর রশীদসহ অনেকেই আছেন, যারা দীর্ঘদিন মিডিয়ায় বিচরণ করার পর বই প্রকাশ করেন। সেদিক থেকে আপনি খুব অল্প সময়ে বই প্রকাশ করে কেমন সাড়া পাচ্ছেন? আগের বইটা আমি ক্লাস সিক্স-সেভেন থেকে লিখে আসছিলাম। খণ্ড খণ্ডভাবে তৈরি সেটা। এটি কখনও বই হিসেবে বের করার ইচ্ছে ছিল না। তারপরও হঠাত্ করেই গত বছর বই বের করে ফেললাম। আর এবার বের হয়েছে উপন্যাসের বই। গত বছর বই প্রকাশ হওয়ার কারণে এবার খুব বেশি মনোযোগী হয়ে এবারেরটি লিখেছি। আর বয়সের ব্যাপারে এলে বলব, মামুনূর রশীদ তার অভিজ্ঞতা, তার বয়স এবং তার অবস্থান থেকে লিখবে। এটাই স্বাভাবিক। আমি আমার বয়স, আমার যতটুকু জ্ঞান সেই জায়গা থেকে লিখেছি। আমি একটু আগে লিখতেই পারি। এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। আমি দু’বছর আগেও বিয়ে করতে পারতাম, এখনও করতে পারি আবার দু’বছর পরেও করতে পারি। এটা একেবারেই ব্যক্তিগত বিষয়। তবে কাজগুলো নিশ্চয়ই নিজের ম্যাচিউরিটির জায়গা থেকে করা হয়। আমি আমার সঙ্গে ম্যাচিউরিটি মিলিয়েই কাজটি করেছি। আমি ভালোই সাড়া পাচ্ছি।