শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৯
টানা দুইদিন হরতালের পর গতকাল বৃহস্পতিবার শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন। তবে লেনদেনের পরিমাণ চারশ’ কোটির ঘরে যেতে পারেনি। গত প্রায় সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে লেনদেনে এই নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৩২ কোটি টাকা। এর আগে চারশ’ কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল ১৮ অক্টোবর। এদিকে গত দুইদিন ধরে ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সদ্য তালিকাভুক্ত কোম্পানি সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড। গতকাল এ কোম্পানির লেনদেন হয়েছে ৩৯ কোটি ১২ লাখ টাকা, আর প্রতি শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা।
তথ্যে দেখা গেছে, গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২ পয়েন্ট কমে ৪ হাজার ৩১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ১ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৪ পয়েন্ট। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩২ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ৭৪১ টাকা। যা আগের দিনের চেয়ে ৭৩ কোটি ৪১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৭৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের। ডিএসইতে হাত বদল হয়েছে ২৭৪টি কোমপানির ৮ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৫৮৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৩ হাজার ১২১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ১৫ পয়েন্ট কমে ১১ হাজার ৩৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৭৪ লাখ ১০ হাজার ১০০ টাকা।
লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো- সামিট পূর্বাঞ্চল পাওয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনিক হোটেল, গ্রামীণফোন, সানলাইফ ইন্সুরেন্স, তিতাস গ্যাস, বেক্সিমকো, এনভয় টেক্সটাইল, সায়হাম কটন ও ডেল্টা স্পিনিং। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- সামিট পূর্বাঞ্চল পাওয়ার, ১ম প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, আইডিএলসি, এফএএস ফাইন্যান্স, সানলাইফ ইন্সুরেন্স, ডেল্টা স্পিনিং, আরামিট সিমেন্ট, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ১, বিআফিসি ও রেনেটা। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- জেমীনি সী ফুড, মেঘনা পেট্রোলিয়াম, লিব্রা ইনফিউশনস, আনলিমা ইয়ার্ন, রেকিট বেঙ্কিজার, বঙ্গজ, রিলায়েন্স ইন্সুরেন্স, সমতা লেদার ও মালেক স্পিনিং।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট অধিকারমূলক (রাইট) শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। কোম্পানিটি তাদের বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার বাজারে ছাড়বে। বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে (ফেসভ্যালু) পাঁচ কোটি ৪২ লাখ ৪৭ হাজার ৫৯৯টি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৪ কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করবে। কোম্পানিটির রাইট শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ কনসালট্যান্টস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারস।