আগুয়েরো-হিগুয়েইন জেতালেন আর্জেন্টিনাকে

ম্যাচটার দিকে মানুষের একটু বেশি চোখ ছিল মেসি বনাম ইব্রাহিমোভিচ লড়াই দেখার জন্য। দৃশ্য সে লড়াইয়ে কেউ জিততে পারেননি। আর্জেন্টিনা বনাম সুইডেন প্রীতি ম্যাচে গোল পাননি লিওনেল মেসি বা জ্লাতান ইব্রাহিমোভিচ। তাতে অবশ্য আর্জেন্টিনা এমন কিছু বিপদে পড়েনি; দলের আরও দুই বড় তারকা সার্জিও আগুয়েরো এবং গঞ্জালো হিগুয়েইনের গোলে আর্জেন্টিনা সুইডেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফিরেছে তারা। প্রথমার্ধেই আর্জেন্টিনা ৩-১ গোলের লিড পেয়েছিল। শেষ মুহূর্তে একটি গোল করে ব্যবধান কমান সুইডিশ মিডফিল্ডার রাসমুস এলম। এর আগে ৩ মিনিটে সুইডিশ ডিফেন্ডার এম লাস্টিংয়ের আত্মঘাতি গোলে আর্জেন্টিনা প্রথম এগিয়ে যায়। পরে ১৮ মিনিটে জোসান ওলসোনের গোলে স্বাগতিকরা সমতা ফেরায়। আর্জেন্টিনা তাদের সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সৌদী আরবের সাথে গোলশূন্য ড্র করলেও সুইডেন ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে চারটি গোলই আসে ইব্রাহিমোভিচের কাছ থেকে। আর তাই ভিন্ন এক আত্মবিশ্বাস নিয়েই কাল মাঠে নেমেছিল সুইডেন। নিজ নিজ লিগের সর্বোচ্চ স্কোরার হিসেবেই কাল মুখোমুখি হয়েছিলেন ইবরা ও মেসি। লা লিগায় বার্সেলোনার হয়ে যেখানে মেসির গোলসংখ্যা ৩৪; সেখানে ফরাসি লিগে প্যারিস সেইন্ট-জার্মেইনের হয়ে ইব্রাহিমোভিচের গোল সংখ্যা ২০টি। ২০০২ সালের বিশ্বকাপের এই সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করে হতাশ করেছিল আর্জেন্টিনা। ঐ ফলাফলে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা আগেভাগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। ঐ ম্যাচের দলের থেকে শুধুমাত্র জেভিয়ার মাসকেরানো এবং পাবলো জাবালেটাই বর্তমান দলে নিজেদের ধরে রেখেছেন। অন্যদিকে সুইডিশ দলে অভিষেক হয়েছে গোলরক্ষক ক্রিস্টোফার নোর্ডফেলেডেট, জোয়েল একস্ট্র্যান্ড এবং জিমি ডুরমাজের। কাল আর সেই স্মৃতি ফেরাতে দেয়নি আর্জেন্টাইনরা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। তিন মিনিটে এ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়িয়ে দেয়া পাসে হিগুয়েইন জোড়ালো শট করলে তা ডিফেন্সে লাস্টিংয়ের পায়ে লেগে জালে জড়ায়। ওয়েস্ট ব্রুম ডিফেন্ডার ওলসোন কর্ণার থেকে বল পেয়ে হেডের সাহায্যে ১৮ মিনিটে সমতা ফেরান। কিন্তু এর মিনিটখানেক পরেই আবারো ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে ম্যানচেস্টার সিটি তারকা আগুয়েরো আকাশী-সাদা জার্সিধারীদের এগিয়ে দেন। ২৯ মিনিটে মেসির ফ্রি-কিক সুইডিশ গোলরক্ষক আন্দ্রেস ইসাকসন কোনরকমে রক্ষা করলেও তার থেকে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন হিগুয়েইন। দ্বিতীয়ার্ধে ইব্রাহিমোভিচকে ছাড়াই মাঠে নামে স্বাগতিকরা। ম্যাচের ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে রাসমুস এলম সান্তনাসূচক একটি গোল করলে তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। উভয় দলই এখন বিশ্বকাপে বাছাইপর্বের জন্য অনুশীলন শুরু করবে। আগামী ২২ মার্চ বাছাইপর্বের ম্যাচে সুইডেন আয়ারল্যান্ডের এবং একইদিন আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার।