হারলো পর্তুগাল-ফ্রান্স

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে কপাল পুড়লো পর্তুগালের। দুর্বল দল ইকুয়েডরের বিপক্ষে তারা ৩-২ গোলে হারে। হেরেছে ফ্রান্সও। জার্মানি তাদের পরাজিত করে ২-১ গোলে। ১-১ গোলে ড্র হয়েছে ইটালি ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি। অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন দল ৩-১ গোলে পরাজিত করে উরুগুয়েকে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইকুয়েডর। দুই মিনিটে গোল করেন অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া। ২৩ মিনিটে সমতা ফেরান রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ১-১ গোলে সমতায় থেকে ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। ৬০ মিনিটে পর্তুগালের হেল্ডার প্রোস্তিগা গোল করলেও মাত্র ১ মিনিট লিড ধরে রাখতে পারে দল। জোয়াও পেরেইরার দেয়া আত্মঘাতী গোলে সমতা ফেরার পর ৭০ মিনিটে ফিলিপ সাইকেডোর গোলে জয়ের বন্দরে পৌঁছে ইকুয়েডর। স্পেনের ৩-১ গোলে জয়ের ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেন পেড্রো রড্রিগেজ। অপর গোলটি করেন সেস ফ্যাব্রিগাস। জার্মানি-ফ্রান্সের ‘হাই-ভোল্টেজ’ ম্যাচে ৪৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাথিউ ভ্যালবুয়েনা। তবে এরপর আর ম্যাচে গোলের দেখা পায়নি ফরাসিরা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরে আসে জার্মানরা। ৫১ মিনিটে গোল করেন থমাস মুলার। ৭৪ মিনিটে জয়সূচক গোলটি করেন সামি খেদিরা।