পার্বতীপুরে মধ্যপাড়া কঠিনশিলা খনি থেকে বিস্ফোরক চুরি

দিনাজপুর পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিনশিলা খনির স্টোররুমের তালা ভেঙ্গে বিস্ফোরক দ্রব্য চুরি হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে খনির উপ-মহাব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দিনাজপুর পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া কঠিনশিলা প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মো. মাইনুল ইসলাম জানান, এই ঘটনায় কর্তব্যে অবহেলার কারণে নিরাপত্তা তদারকির দায়িত্বে নিয়োজিত খনির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ার হোসেন ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) প্রবীর তালুকদারকে পেট্রোবাংলার চেয়ারম্যানের নির্দেশে বুধবার দুপুরে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, মধ্যপাড়া কঠিনশিলা খনির ভূগর্ভস্থল থেকে কঠিনশিলা উত্তোলনের কাজে ব্যবহারের জন্য বিস্ফোরক দ্রব্য খনির দুটি স্টোররুমে রাখা হয়। গত সোমবার ভোরে খনি এলাকায় পাহারারত আনসার সদস্য স্টোররুমের তালা ভাঙ্গা দেখে খনি কর্তৃপক্ষকে জানায়। কি পরিমাণ বিস্ফোরক দ্রব্য চুরি হয়েছে তা জানতে তিন সদস্য তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত টিমের সদস্যরা হলেন- জিএম মার্কেটিং আঃ হান্নান, ডিজিএম আসাদুজ্জামান, ম্যানেজার রফিজুল ইসলাম। জানা যায়, সার্বক্ষণিকভাবে স্টোররুমটি পাহারায় নিয়োজিত থাকেন ৫ আনসার সদস্য। মধ্যপাড়া খনির দায়িত্বরত প্রকৌশলী মোঃ মঈনউদ্দীন জানান, কি পরিমাণ তার বা বিস্ফোরক দ্রব্য চুরি হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। সংবাদ পেয়ে গতকাল সকালে দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হক, সহকারী পুলিশ সুপার (সদর) সুশান্ত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।