কুমিল্লা ইপিজেডে কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণ, নিহত ১
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
কুমিল্লা ইপিজেডে (এক্সপোর্ট প্রসেসিং জোন) নাসা তাইফে ডেনিম কোম্পানির একটি নির্মাণাধীন কেমিক্যাল রিজার্ভার ট্যাংকে বিস্ফোরণ ঘটায় মনিরুজ্জামান রিংকু নামের এক শ্রমিক নিহত এবং আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ইপিজেডের জিএম আবদুস সোবহান জানান, নাসা তাইফে ডেনিম কোম্পানির নির্মাণাধীন ৩১ ফুট চওড়া এবং ২০ ফুট উঁচু একটি কেমিক্যাল রিজার্ভার ট্যাংকে জমে থাকা গ্যাস ও বাতাসের চাপে হঠাত্ বিকট বিস্ফোরণ ঘটে। এ সময় ট্যাংকের ওপরে কর্মরত ওয়েল্ডিং শ্রমিক মনিরুজ্জামান রিংকু (২৩) নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। বিস্ফোরণকালে ফারুক মিয়া ও কবির হোসেন নামে আরো দুই শ্রমিক গুরুতর আহত হন। ফারুক মিয়াকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় এবং কবির হোসেনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।