বরিশালে রেডক্রিসেন্টের নতুন হাসপাতাল উদ্বোধন

নগরীর আমানতগঞ্জে রেড ক্রিসেন্ট হাসপাতালের ক্যাম্পাসে নবনির্মিত হলিং বেরি সৈয়দ মোয়াজ্জেম রেড ক্রিসেন্ট হাসপাতাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। ৫০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, ২টি অপারেশন থিয়েটার, পূর্ণাঙ্গ প্যাথলজি, উন্নতমানের গবেষণাগার ও একটি সঞ্চালন কেন্দ্র রয়েছে। এছাড়া রোগী বহনের জন্য আধুনিক এ্যাম্বুলেন্স থাকছে এ হাসপাতালে। বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক পূবালী ব্যাংকের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হুসাইন ব্যক্তিগতভাবে ৭ কোটি টাকা ব্যয়ে এ হাসপাতালটি নির্মাণ করেন। মঙ্গলবার বিকালে হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এম এস আকবর এমপি। উপস্থিত ছিলেন সোসাইটির ভাইস চেয়ারম্যান ও পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি, ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, রেড ক্রিসেন্ট-এর মহাসচিব ক্যাপ্টেন (অব.) আবু বকর, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, অমৃত লাল দে এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক বাবু বিজয় কৃষ্ণ দে, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, হাসপাতালের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন ফোরকান, রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক ড. রিজিয়া জোবেদ এবং পূবালী ব্যাংকের জিএম ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।