এককেও জয় দিয়ে শুরু করলেন নাদাল
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৭
রাফায়েল নাদাল কিছুটা স্লথ ভাবে শুরু করলেও সাত মাস পর কোর্টে ফিরে এককেও জয় পেলেন। প্রশান্ত মহাসাগর তীরে অবস্থিত চিলির শৈল শহর ভিনা ডেল মার এ অনুষ্ঠানরত এটিপি ক্লে কোর্ট টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে স্প্যানিশ তারকা নাদাল গত বুধবার রাতে আর্জেন্টাইন খেলোয়াড় ফেডেরিকো ডেলবোনিসকে ৬-৩, ৬-২ গেমে পরাজিত করে এ কৃতিত্ব দেখান।
নাদাল প্রথম গেমে সার্ভিসে পয়েন্ট খোয়ালেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং প্রথম সেট জিতে নেন ৫০ মিনিটের মধ্যে। ডেলবোনিসকে ২-০ গেমে এগিয়ে যেতে দেখে ফরাসি ওপেনের চ্যাম্পিয়ন নাদাল কিছুটা বিস্মিতই হন। তবে দুর্দান্ত কিছু শট খেলে এরপর তিনি নিয়ন্ত্রণ নিয়ে নেন খেলায়। বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড়টি দ্বিতীয় রাউন্ডে অবশ্য একচেটিয়া খেলে জয়ী হন। ওই সেটে অবশ্য প্রায় আগের মতোই কোর্টে পদচারণা করেন তিনি।
উচ্ছ্বসিত নাদাল খেলা শেষে স্থানীয় টেলিভিশনকে বলেন, ‘‘আবার সিঙ্গেলস খেলতে পেরে আমি অত্যন্ত খুশী। পুরোপুরি সুস্থ হয়ে কোর্টে ফিরে আসতে আমার অনেকদিন সময় লেগেছে, তবে এখন পর্যন্ত কোর্টের অভিজ্ঞতা বেশ উপভোগ করছি। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে যতটা সম্ভব কোর্টে সময় দেয়া। এই জয় আমাকে অন্তত আরো দুটি ম্যাচ বেশি খেলার সুযোগ করে দিল সিঙ্গেলস এবং ডাবলস।”
গত জুনে উইম্বলডন থেকে দুঃখজনক বিদায়ের পর ১১ বারের গ্র্যান্ড স্ল¬্যাম জয়ী এই স্প্যানিশ তারকা এদিনই প্রথম সিঙ্গেলস ম্যাচ খেললেন। এর আগে মঙ্গলবার মৌসুমের প্রথম ক্লে কোর্ট টুর্নামেন্টের ডাবলসেও জয় তুলে নিয়েছিলেন নাদাল। বাসস/এএফপি/সুপারস্পোর্ট