আবাহনী ও ব্রাদার্সের ‘কঠিন’ লড়াই আজ

আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের চিরাচরিত ‘কঠিন’ লড়াই আজ। দুই দিন বিরতির পর আবার শুরু হতে যাওয়া গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের শুরুতে বিকাল চারটায় মুখোমুখি হবে বিজেএমসি ও ফেনীর সকার ক্লাব। সন্ধ্যা সোয়া ছয়টায় লড়বে আবাহনী ও ব্রাদার্স। দুইটি খেলাই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আবাহনীর জন্য আজকের প্রতিপক্ষের মোকাবেলা ‘কঠিন’ হতে পারে। কারণ আবাহনীর সামনে ব্রাদার্স সব সময়ই দুর্বার। তাছাড়া দল দুটি এমন এক সময়ে মুখোমুখি হচ্ছে, যখন সম্ভাব্য রেলিগেশন ঠেকাতে ব্রাদার্সের পয়েন্ট পাওয়াটা জরুরি হয়ে পড়েছে। অপরদিকে, শীর্ষস্থান ধরে রাখতে হলে আবাহনীকে জিততে হবে। খেলাটি ড্র হলে সুবিধা হবে শেখ রাসেল ক্রীড়া চক্রের। ব্রাদার্স মুখিয়ে আছে পয়েন্ট তুলে নেয়ার জন্য। প্রথম পর্বে টানা হারের মধ্যে থাকলেও ব্রাদার্স গত তিন ম্যাচে পয়েন্ট নিয়ে ফিরেছে। এই খেলাগুলোয় দলটি ১-১ গোলে শেখ জামালের সাথে ড্র করে। মোহামেডানকে ৪-১ গোলে হারায় এবং মুক্তিযোদ্ধা সংসদকে ১-১ গোলের ড্রয়ে বাধ্য করে ম্যাচ তিনটিতে পাঁচ পয়েন্ট পেয়েছে। ব্রাদার্সের জন্য এ পয়েন্টগুলো শুধু বিরাট অর্জনই নয়, এটি একই সাথে খেলোয়াড়দের মনোবলকেও চাঙ্গা করেছে। আবাহনীর দুশ্চিন্তার কারণ হতে পারে ব্রাদার্সের নবলব্ধ এই মনোবল। মোহামেডানের বিরুদ্ধে ব্রাদার্স এবারের লিগে নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছে। ওই খেলাটির অনুপ্রেরণায় আরেকটা ভালো ম্যাচ উপহার দিতে চায় ব্রাদার্স ইউনিয়ন। যদিও লিগের প্রথম পর্বে আবাহনী ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়েছিল। দ্বিতীয় পর্বের গত দুইটি ম্যাচে আবাহনী সহজেই জয়ী হয়। শিরোপাধারী আবাহনীর জন্য এটা বাড়তি সুবিধা। সব মিলিয়েই ফুটবলামোদীরা আবাহনী ও ব্রাদার্সের খেলায় একটা ভালো লড়াই দেখার প্রত্যাশা করছে। এদিকে বিকালে প্রথম ম্যাচে মাঠে নামবে বিজেএমসি ও সকার ক্লাব। পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় ফেনীর ক্লাবটি আজ মরণ কামড় দিতে চাইবে বিজেএমসির উপর। কারণ ক্রমেই রেলিগেশনের দিকে এগিয়ে চলা ঢাকার বাইরের একমাত্র দলটি উপরের দিকে ওঠার সুযোগই পাচ্ছে না। সকার ক্লাব প্রথম পর্বে ২-১ গোলে ব্রাদার্সকে হারিয়ে একমাত্র জয়ের স্বাদ পেলেও শেষ পাঁচটিতে হারায় দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। বিজেএমসির কাছে প্রথম পর্বে ১-০ গোলে হেরেছিল সকার। অফিস দল বিজেএমসি আজও জিততে চাইবে। কারণ তাদেরও রয়েছে পয়েন্ট টেবিলে উপরে উঠার তাগিদ। তাই আজ সকার ক্লাবকে হারিয়ে অবস্থান ভালো করতে চায় বিজেএমসি। আজকের খেলা ঃ বিজেএমসি ঃ সকার ক্লাব আবাহনী ঃ ব্রাদার্স (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৪টা ও ৬টা ১৫) পয়েন্ট তালিকা আবাহনী ১০ ৭ ২ ১ ২৩ শেখ রাসেল ৯ ৭ ১ ১ ২২ শেখ জামাল ১০ ৬ ৪ ০ ২২ মুক্তিযোদ্ধা ১০ ৪ ৩ ৩ ১৫ মোহামেডান ১০ ৪ ১ ৫ ১৩ বিজেএমসি ৯ ৩ ৩ ৩ ১২ ব্রাদার্স ১০ ২ ২ ৬ ৮ আরামবাগ ১০ ২ ০ ৮ ৬ সকার ক্লাব ৯ ১ ০ ৮ ৩