আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
তারা তিনজন একসঙ্গে জাতীয় দলে খেলেছেন। একসঙ্গে অনেক লড়াই করেছেন ক্রিকেট মাঠে। এবার আকরাম খান, আতাহার আলী খান ও খালেদ মাসুদ পাইলট মাঠের বাইরে সংগঠক হিসেবে কাজ করবেন একটি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে। তাদেরই ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট।
টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে আকিজ ফুড এ্যান্ড বেভারেজের জনপ্রিয় লেমন ড্রিংক ক্লেমন। কো স্পন্সর হিসেবে রয়েছে ওয়ালটন। মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল ২৪ ও রেডিও ফূর্তি থাকছে। ২২-২৮ ফেব্রুয়ারি মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টের রেজিস্ট্রেশনে বিপুল সাড়া পড়েছে বলে জানালেন উদ্যোক্তারা। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। প্রতি দলে থাকবেন ৮ জন ক্রিকেটার।
গতকাল অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আকরাম, আতাহার, খালেদ মাসুদরা। এ সময় আকিজ গ্রুপের ডিরেক্টর শেখ জামিল উদ্দিন, শেখ শামীম উদ্দিন, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, অতিরিক্ত পরিচালক উদয় হাকিম উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫ লাখ, রানার্সআপ দল ২ লাখ টাকা পুরস্কার পাবে। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ, ফ্যান অব দ্য ম্যাচ এর জন্য রয়েছে আর্কষণীয় পুরস্কার।